কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় বর্তমান ও সাবেক এমপির বিরোধের জেরে তাদের সমর্থকদের মধ্যে সংঘর্ষ হয়েছে। সংঘর্ষ একটি বাসে আগুন দেওয়ার ঘটনাও ঘটেছে। বিজয় দিবসে শহীদ মিনারে ফুল দেওয়াকে কেন্দ্র করে এ ঘটনা ঘটেছে বলে জানা গেছে।
বৃহস্পতিবার (১৬ ডিসেম্বর) দুপুরের দিকে উপজেলার মরুরা বাজার এলাকায় এ ঘটনা ঘটে।
সকালে উপজেলা পরিষদ চত্বরে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের ম্যুরালে বিজয় দিবসের ফুল দেওয়া নিয়ে আওয়ামী লীগের দু’পক্ষের মধ্যে সংঘর্ষ হয়। এতে দু’পক্ষের বেশ কয়েকজন আহত হন। এ সময় ঢাকা থেকে কিশোরগঞ্জ এবং নান্দাইলগামী যানবাহন চলাচল বন্ধ হয়ে যায়। পরে যান চলাচল শুরু হলেও যানজটের সৃষ্টি হয়। সংঘর্ষে জেরে দুপুরের পর মরুরা বাজার এলাকায় একটি যাত্রীবাহী অনন্যা পরিবহন বাসে আগুন দেয় দুর্বৃত্তরা। এ সময় যাত্রীরা বাস থেকে দ্রুত নেমে পড়ায় কোনো হতাহত হয়নি। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে আধ ঘণ্টার চেষ্টার পর আগুন নেভায়।
এ ব্যাপারে পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সারোয়ার জাহান জানান, বর্তমানে পরিস্থিতি পুলিশের নিয়ন্ত্রণে রয়েছে। বর্তমান সংসদ সদস্য নূর মোহাম্মদের সমর্থিত আওয়ামী লীগের লোকজন ও সাবেক সংসদ সদস্য অ্যাডভোকেট সোহরাব উদ্দিনের সমর্থিত আওয়ামী লীগের লোকজন পৃথকভাবে বিজয় দিবসের কর্মসূচি পালন করেন।