কিশোরগঞ্জে নয়টি ল্যাপটপ ও ৩০টি মোবাইল চুরির ঘটনায় দুজনকে আটক করেছে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ।
মঙ্গলবার (২১ ডিসেম্বর) দুপুরে গোপন সংবাদের ভিত্তিতে পুলিশের একটি টিম তাদের কে আটক করেছে। আটকের সময় তাদের কাছ থেকে ছয়টি ল্যাপটপ ও ২৭টি মোবাইল ফোন উদ্ধার করে। আটককৃতরা হলেন মো: ইমন মিয়া (২২), পিতা: মইজ উদ্দিন ও মো: রাজীব ভূইয়া (২৪), পিতা: মো: আব্দুর রউফ। দুজনই কিশোরগঞ্জ সদরের রেলষ্টেশনস্থ নিউটাউন এলাকার বাসিন্দা।
জানা যায়, চলতি মাসের ৩ ডিসেম্বর রোজ শুক্রবার রাতে কিশোরগঞ্জ রেলষ্টেশনস্থ স্টেশান রোড এলাকায় এজেআর পার্সেল ও কুরিয়ার সার্ভিসে চুরির ঘটনা ঘটে। উক্ত ঘটনায় কুরিয়ার সার্ভিস কর্তৃপক্ষ বাদী হয়ে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের করে। মামলা নং ০৭।
ঘটনার পর থেকেই চুরির রহস্য উদঘাটন ও মালামাল উদ্ধারে বিশেষ অভিযান অব্যাহত রাখে। গোপন সংবাদের ভিত্তিতে গতকাল মঙ্গলবার দুপুরে একরামপুর এলাকা থেকে মো: ইমন মিয়া ও মো: রাজীব ভূইয়া নামে দুজনকে পুলিশ গ্রেফতার করে ও তাদের জিজ্ঞাসাবাদ করে নিউটাউন এলাকার ভাই ভাই ফল বিতান দোকারেন পিছনে সরকারি পুকুরের পাশে মাটির নিচ থেকে ছয়টি ল্যাপটপ ও ২৭টি মোবাইল উদ্ধার করে।
কিশোরগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ আবু বকর সিদ্দিক ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ঘটনার সাথে সংশ্লিষ্ট চোরদের কোর্টে প্রেরণ করা হয়েছে।