নওগাঁর নিয়ামতপুরে এমআরপি মুছে ২৫ লিটার সয়াবিল তেল বিক্রির অপরাধে এক দোকানীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।
রবিবার (০৬ মার্চ) বিকেলে উপজেলার পুরাতন বাজার এলাকায় অভিযান চালিয়ে জুনাইদ স্টোর নামের মুদি দোকানকে এই জরিমানা করেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক শামীম হোসেন।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষন অধিদপ্তর নওগাঁর সহকারী পরিচালক শামীম হোসেন বলেন, রাশিয়া ও ইউক্রেন যুদ্ধকে ইস্যু করে সম্প্রতি জেলার বেশ কয়েকটি উপজেলার মুদি দোকানগুলোতে বোতলজাত সয়াবিন তেলের অবৈধ মজুদ এবং এমআরপি মুছে বেশি দামে বিক্রির অভিযোগ পাওয়া যায়। এমন গোপন সংবাদের ভিত্তিতে নিয়ামতপুর উপজেলায় অভিযান পরিচালনা করা হয়। এসময় পুরাতন বাজার এলাকার জুনাইদ স্টোরে বসুন্ধরা সয়াবিন তেলের ২লিটার এবং ১ লিটার বোতলের গায়ের এমআরপি মুছে বিক্রি করার অপরাধে তাকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে। এমআরপি মুছে বোতলটি বেশি দামে বিক্রির জন্য এমন অসাধু পন্থা অবলম্বন করেছেন তিনি। তেলের দাম বোতলের গায়ে লেখা দামের চেয়ে বেশি নেওয়ার সুযোগ নেই এবং একে মজুদ করে রাখা একটি গুরুত্বর অপরাধ। যা ভোক্তা অধিকার আইনকে লঙ্ঘন করে। জেলায় ভোক্তা পর্যায়ে দ্রব্যমূল্য সহনীয় পর্যায়ে রাখতে অসাধু ব্যবসায়ীদের বিরুদ্ধে এমন অভিযান অব্যাহত থাকবে।
এসময় নিয়ামতপুর থানা পুলিশের কর্মকর্তা ও পুলিশ সদস্যরা উপস্থিত ছিলেন।
পরে এমআরপি মুছে বিক্রি চেষ্টায় জব্দকৃত ২৫ লিটার সয়াবিন তেল স্থানীয় একটি এতিমখানায় বিতরন করা হয়। একই সাথে ওই সময় স্থানীয় ব্যবসায়ীদের সতর্ক করে দিতে ভোক্তা অধিকার সংরক্ষণ আইন-২০০৯ সম্বলিত লিফলেট বিতরন করা হয়।