পুরস্কারের নাম যখন ‘ফিফা দ্য বেস্ট’ তখন সেটি জয়ের দৌড়ে সেরা খেলোয়াড়রা থাকবেন, এতে আর সন্দেহ কিসের? এ লড়াইয়ের দৌড়ে থাকা প্রথম তিনজনের নাম প্রকাশ করেছে বিশ্ব ফুটবলের নিয়ামক সংস্থা ফিফা।
এর আগে, প্রাথমিক তালিকায় জায়গা পেয়েছিলেন ১৪ জন ফুটবলার। যেখানে বিশ্বকাপজয়ী লিওনেল মেসির পাশাপাশি কিলিয়ান এমবাপ্পে, নেইমার, করিম বেনজেমা, আর্লিং হলান্ডরা ছিলেন। যেখান থেকে বাদ পড়েছেন ১১ জন ফুটবলার।
শুক্রবার (১০ ফেব্রুয়ারি) ফিফা সে তালিকাকে আরও সংক্ষিপ্ত করে এবার শীর্ষ তিন জনের তালিকা প্রকাশ করেছে। শীর্ষ তিনের তালিকায় জায়গা পেয়েছেন বিশ্বকাপজয়ী আর্জেন্টাইন অধিনায়ক লিওনেল মেসি, বিশ্বকাপের রানার্সআপ দল ফ্রান্সের কিলিয়ান এমবাপে ও রিয়াল মাদ্রিদের ফ্রান্সের তারকা ফরোয়ার্ড করিম বেনজেমা।
তবে শীর্ষ তিনজনের মধ্যে লড়াইটা হবে লিওনেল মেসি ও কিলিয়ান এমবাপের। কাতার বিশ্বকাপে ফাইনালে জমে উঠেছিল দুই তারকার লড়াই। বিশ্বকাপের ফাইনালে ফ্রান্সের বিপক্ষে মেসি করেন জোড়া গোল। দ্বিতীয় সর্বোচ্চ ৭ গোল ও সর্বোচ্চ ৩টি অ্যাসিস্টে আসরের সেরা খেলোয়াড়ের পুরস্কার গোল্ডেন বল জিতে নেন মেসি।
অন্যদিকে, কাতার বিশ্বকাপের মেসির মতো উজ্জল ছিলেন পিএসজির ফরাসি স্ট্রাইকার কিলিয়ান এমবাপে। ২০১৮ রাশিয়া বিশ্বকাপের তুলনায় এই বিশ্বকাপে আরও পরণিত ভয়ঙ্কর পারফরম্যান্স উপহার দিয়েছেন তিনি। ৮ গোল করে জিতে নেন সর্বোচ্চ গোলদাতার পুরস্কার গোল্ডেন বুট।
তালিকার প্রথম তিনে এই দুই ফুটবলার ছাড়া রয়েছেন করিম বেনজেমা। চোটের কারণে কাতার বিশ্বকাপে খেলার সুযোগ মিস করলেও রিয়াল মাদ্রিদের জার্সিতে গত মরসুমটা এককথায় অসাধারণ কাটিয়েছেন ফরাসি স্ট্রাইকার।
জানা যায়, ২০২১ সালে ৮ আগস্ট থেকে ২০২২ সালের ১৮ ডিসেম্বর পর্যন্ত সময়কালের পারফরম্যান্সকে আমলে নেয়া হয়েছে।
আগামী ২৭ ফেব্রুয়ারিতে প্যারিসে ‘দ্য বেস্ট ফিফা ফুটবল অ্যাওয়ার্ডস’ অনুষ্ঠানে বিজয়ীর নাম ঘোষণা করা হবে। তার আগে চলবে ভোট গ্রহণ। ফিফার সদস্য দেশগুলোর কোচ, অধিনায়ক, গণমাধ্যম প্রতিনিধি এবং সমর্থকেরা সেখানে ভোট দিতে পারবেন।