বঙ্গোপসাগরের নিম্নচাপ পরিণত হয়েছে গভীর নিম্নচাপে, বৃষ্টি ও ঝড়ো হাওয়ার আশঙ্কা
বঙ্গোপসাগরে সৃষ্ট নিম্নচাপটি শক্তি বাড়িয়ে এখন গভীর নিম্নচাপে পরিণত হয়েছে। এর প্রভাবে সমুদ্র বন্দর ও উপকূলীয় এলাকায় দমকা হাওয়া ও ভারি বৃষ্টিপাতের পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।
বিশেষ বুলেটিনে জানানো হয়েছে, বৃহস্পতিবার দুপুর ১২টায় গভীর নিম্নচাপটি চট্টগ্রাম সমুদ্রবন্দর থেকে ৩৭৫ কিলোমিটার পশ্চিম-দক্ষিণপশ্চিমে, কক্সবাজার থেকে ৩৮৫ কিলোমিটার পশ্চিমে, মোংলা থেকে ১৭০ কিলোমিটার এবং পায়রা সমুদ্রবন্দর থেকে ২১০ কিলোমিটার দক্ষিণপশ্চিমে অবস্থান করছিল।
প্রকোপ বাড়িয়ে এটি উত্তর দিকে এগিয়ে বিকেলের মধ্যে সাগরদ্বীপ ও খেপুপাড়ার কাছাকাছি দিয়ে পশ্চিমবঙ্গ-বাংলাদেশ উপকূল অতিক্রম করতে পারে।
গভীর নিম্নচাপ কেন্দ্রের ৪৮ কিলোমিটারের মধ্যে বাতাসের একটানা গতিবেগ ঘণ্টায় ৫০ কিলোমিটার, যা দমকা বা ঝড়ো হাওয়ায় ৬০ কিলোমিটার পর্যন্ত পৌঁছাতে পারে। ফলে উত্তর বঙ্গোপসাগর ও উপকূলীয় অঞ্চল উত্তাল হয়ে উঠেছে।
আবহাওয়া অফিস চট্টগ্রাম, কক্সবাজার, মোংলা ও পায়রা সমুদ্রবন্দরকে ৩ নম্বর স্থানীয় সতর্ক সংকেত দেখিয়ে যেতে বলেছে। পাশাপাশি উত্তর বঙ্গোপসাগরে অবস্থানরত সব মাছ ধরার নৌকা ও ট্রলারকে নিরাপদ আশ্রয়ে থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
প্রসঙ্গত, মঙ্গলবার সাগরে একটি লঘুচাপ সৃষ্টি হয়, যা ধাপে ধাপে ঘনীভূত হয়ে বৃহস্পতিবার গভীর নিম্নচাপে পরিণত হয়। এর প্রভাবে সকাল থেকেই ঢাকাসহ দেশের বিভিন্ন এলাকায় বৃষ্টিপাত শুরু হয়েছে। আগামী দুই দিন সারাদেশে ভারি থেকে অতি ভারি বৃষ্টি হতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।