বাংলাদেশ কোস্টগার্ড মহাপরিচালক রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হকের সঙ্গে সাক্ষাৎ করেছেন অস্ট্রেলিয়ান মেরিটাইম বর্ডার কমান্ডের কমান্ডার এবং অপারেশন সোভেরিন বর্ডারের জয়েন্ট এজেন্সি টাস্কফোর্স কমান্ডার রিয়ার অ্যাডমিরাল ব্রেট সন্টার। সোমবার (২৩ জুন) কোস্টগার্ড সদর দফতরে অনুষ্ঠিত এ সাক্ষাতে উপস্থিত ছিলেন অস্ট্রেলিয়ান দূতাবাসের একটি প্রতিনিধিদল।
সাক্ষাতে বাংলাদেশ ও অস্ট্রেলিয়ার মধ্যে বিদ্যমান সামুদ্রিক নিরাপত্তা ও সহযোগিতার মাইলফলক আরও দৃঢ় করার প্রত্যাশা ব্যক্ত করেন রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক। তিনি বলেন, সামুদ্রিক আইন প্রয়োগ, আঞ্চলিক সচেতনতা বৃদ্ধি এবং সক্ষমতা বিকাশে উভয় দেশের মধ্যে যৌথ অংশীদারিত্ব আরও জোরদার করা প্রয়োজন।
এ ছাড়া আন্তর্জাতিক অপরাধ, অবৈধ মৎস্য আহরণ, মানব ও মাদক পাচার এবং সমুদ্রপথে সন্ত্রাসী কর্মকাণ্ড প্রতিরোধে রিয়েল-টাইম তথ্য বিনিময়, যৌথ প্রশিক্ষণ এবং কৌশলগত সমন্বয় অপরিহার্য বলে তিনি উল্লেখ করেন।
রিয়ার অ্যাডমিরাল মো. জিয়াউল হক আরও জানান, অস্ট্রেলিয়ার সহযোগিতায় বাংলাদেশ কোস্টগার্ডের প্রশিক্ষণ, প্রযুক্তিগত সুবিধা এবং নজরদারি সক্ষমতা বৃদ্ধি পেয়েছে, যা বাহিনীর কার্যকারিতাকে উল্লেখযোগ্যভাবে উন্নত করেছে। তিনি আশা করেন, ভবিষ্যতে এই সহযোগিতা আরও বিস্তৃত হবে।