কিশোরগঞ্জের তাড়াইল বাজার বণিক সমিতির উদ্যোগে সমাজের অনৈতিক কর্মকাণ্ড প্রতিরোধে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। শুক্রবার (২৪ অক্টোবর) রাত সাড়ে ৮টায় তাড়াইল বাজারের কাপড় পট্টিতে এ সভা অনুষ্ঠিত হয়।
সভায় সভাপতিত্ব করেন তাড়াইল বাজার বণিক সমিতির আহ্বায়ক রোকন উদ্দিন মহাজন। প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন হাজী হাবিবুর রহমান। এছাড়া বক্তব্য দেন বণিক সমিতির যুগ্ম আহ্বায়ক শাহাব উদ্দিন ভূঁইয়া, উপজেলা বিএনপির যুগ্ম সাধারণ সম্পাদক সামির হোসেন সাকি, স্থানীয় সরকার বিষয়ক সম্পাদক নুরে আলম সিদ্দিকী, যুব বিষয়ক সম্পাদক ও বিশিষ্ট ব্যবসায়ী ওমর ফারুক, বিশিষ্ট ব্যবসায়ী জায়দুল হক, গৌরাঙ্গ পাল, হাজী ছাইদুর রহমান এবং তাড়াইল বাজার বড় মসজিদের ইমাম ও খতিব হাফেজ মাওলানা এমদাদুল হক প্রমুখ।
সভায় স্থানীয় গণ্যমান্য ব্যক্তি, ব্যবসায়ী, তরুণ ও বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ উপস্থিত ছিলেন।
বক্তারা বলেন, সমাজে দিন দিন জুয়া, মাদক, চুরি ও ছিনতাইসহ বিভিন্ন অনৈতিক কর্মকাণ্ড বেড়ে চলেছে। এসব কার্যকলাপ শুধু পরিবার নয়, পুরো সমাজকেই ধ্বংসের দিকে ঠেলে দিচ্ছে। তাই সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এসব অপকর্মের বিরুদ্ধে প্রতিরোধ গড়ে তুলতে হবে।
ব্যবসায়ীরা ঘোষণা দেন যে, তারা কোনোভাবেই এলাকায় মাদক বা অনৈতিক কর্মকাণ্ডে জড়িতদের প্রশ্রয় দেবেন না। প্রয়োজনে প্রশাসনের সহযোগিতায় কঠোর প্রতিরোধ গড়ে তোলা হবে।
সভায় উপস্থিত সবাই একমত হন যে, সমাজকে সুস্থ ও সুন্দর ধারায় ফিরিয়ে আনতে সবাইকে সম্মিলিতভাবে কাজ করতে হবে। বক্তারা আশা প্রকাশ করেন, তরুণ প্রজন্ম যদি ইতিবাচক উদ্যোগে সামনে আসে, তবে সমাজে অবশ্যই পরিবর্তন আসবে।
সবশেষে উপস্থিত সবাই মাদক ও অপরাধমুক্ত একটি সুন্দর সমাজ গঠনের অঙ্গীকার ব্যক্ত করেন।
তাড়াইল সদর বাজারের ব্যবসায়ীরা এমন উদ্যোগকে স্বাগত জানিয়ে বলেন, ভবিষ্যতে এ ধরনের কার্যক্রম নিয়মিতভাবে পরিচালিত হলে সমাজে শান্তি, নিরাপত্তা ও সৌহার্দ্য ফিরে আসবে।