ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠন সচেতন নাগরিক কমিটি (সনাক), কিশোরগঞ্জ-এর উদ্যোগে গুরুদয়াল সরকারি কলেজে তথ্য অধিকার আইন ২০০৯ এবং দুর্নীতিবিরোধী সচেতনতামূলক ক্যাম্পেইন অনুষ্ঠিত হয়েছে। সনাকের ইয়ুথ এনগেজমেন্ট সাপোর্ট (ইয়েস) গ্রুপ দিনব্যাপী এই ক্যাম্পেইন পরিচালনা করে।
সোমবার (৮ ডিসেম্বর) অনুষ্ঠানের উদ্বোধন করেন গুরুদয়াল সরকারি কলেজের অধ্যক্ষ (ভারপ্রাপ্ত) প্রফেসর ড. মো. মেহেদী হাসান। প্রধান অতিথিসহ উপস্থিত ছিলেন ব্যবস্থাপনা বিভাগের বিভাগীয় প্রধান দ্বীপেন চন্দ্র ভৌমিক, সনাক সভাপতি স্বপন কুমার বর্মন, সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম, ইয়েস বিষয়ক উপকমিটির আহ্বায়ক মো. আবু সেলিম, সনাক সদস্য মানস কর, কামরুন্নাহার এবং ইয়েস গ্রুপের অন্যান্য সদস্যবৃন্দ।
ক্যাম্পেইনে তিন শতাধিক শিক্ষার্থী সরকারি-বেসরকারি বিভিন্ন পরিষেবার তথ্য জানার প্রক্রিয়া সম্পর্কে সরাসরি ধারণা লাভ করে। এছাড়া তথ্য অধিকার আইনের আওতায় তথ্য প্রাপ্তির আবেদন কীভাবে পূরণ করতে হয় সে বিষয়ে হাতে-কলমে দিকনির্দেশনা দেয় ইয়েস গ্রুপের সদস্যরা।
শিক্ষার্থীরা এমন উদ্যোগের প্রশংসা করে জানান, এ ধরনের ক্যাম্পেইন তাদের অধিক সচেতন ও তথ্যভিত্তিক সিদ্ধান্ত গ্রহণে সহায়ক হবে।