গোপন বৈঠকের মাধ্যমে আওয়ামী লীগকে সংগঠিত করে দেশকে অস্থিতিশীল করার ষড়যন্ত্র হচ্ছে এমন অভিযোগে নওগাঁয় জাতীয় পার্টির বৈঠক পণ্ড করে দিয়েছে ছাত্রজনতা। মঙ্গলবার (১৬ ডিসেম্বর) বেলা ১২টার দিকে শহরের উকিলপাড়ায় এ ঘটনা ঘটে।
জানা যায়, মঙ্গলবার ‘আলটিমেট ড্রিম’ নামে একটি এপার্টমেন্টে জড়ো হয় জাতীয় পার্টির কিছু নেতাকর্মী। দলটির জেলা আহবায়ক এ্যাড. তোফাজ্জলের নেতৃত্বে সেখানে বৈঠক করছিলেন তারা। এ সময় সেখানে উপস্থিত হয়ে স্লোগান শুরু করে ছাত্রজনতার একাংশ। অবস্থা বেগতিক দেখে অধিকাংশ নেতাকর্মী পালিয়ে যায়। এ সময় সভাকক্ষে ঢুকে হোসাইন মোহাম্মদ এরশাদের বেশ কিছু ছবি, প্রতীকী লাঙ্গল ভাঙচুর করা হয়।
এ সময় বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের ফজলে রাব্বি, সাদমান সাকিবসহ বেশ কয়েকজন উপস্থিত ছিলেন। এরপরে সেগুলোতে আগুন ধরিয়ে দিয়ে চলে যায় তারা।