তাড়াইল উপজেলার সর্বত্রই এখন বসন্তের আমেজ। শীতের তীব্রতা কমে আসার সঙ্গে সঙ্গে তাপমাত্রা বাড়ছে, কুয়াশার দাপটও হ্রাস পেয়েছে। ঋতুর এই পরিবর্তনের সঙ্গে তাল মিলিয়ে আম গাছের কচি ডগা ভেদ করে বের হতে শুরু করেছে সোনালি মুকুল। গাছে গাছে দুলছে আমের মুকুল, আর চারদিকে ছড়িয়ে পড়ছে মিষ্টি ঘ্রাণ।
আম গাছের কচি শাখায় শোভা পাচ্ছে অসংখ্য মুকুল। শাখায় শাখায় উড়ে বেড়াচ্ছে মৌমাছি, তাদের গুঞ্জনে মুখর হয়ে উঠেছে গ্রামাঞ্চল। যেন প্রকৃতি নিজেই ঘোষণা দিচ্ছে—ঋতুরাজ বসন্ত এসে গেছে।
তাড়াইল-সাচাইল ইউনিয়নের কালনা গ্রামের চাষি চান্দু ভুঁইয়া জানান, মুকুল আসার এক সপ্তাহ আগ থেকেই তিনি গাছের পরিচর্যা শুরু করেছেন। মুকুল টিকিয়ে রাখতে কৃষি বিভাগের পরামর্শ অনুযায়ী নিয়মিত বালাইনাশক প্রয়োগ করছেন। অনুকূল আবহাওয়া থাকলে এবার আমের বাম্পার ফলনের আশা করছেন তিনি।
উপজেলা কৃষি কর্মকর্তা বিকাশ রায় বলেন, ইতোমধ্যে অধিকাংশ আম গাছে মুকুল এসেছে। চাষিরা সচেতনভাবে পরিচর্যা করছেন। কৃষি বিভাগের পক্ষ থেকেও নিয়মিত পরামর্শ ও তদারকি করা হচ্ছে। তিনি আশা প্রকাশ করেন, আবহাওয়া অনুকূলে থাকলে এ মৌসুমে তাড়াইলে ভালো ফলন হবে।