কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ইসলাহুল মুসলিমিন পরিষদ বাংলাদেশ-এর উদ্যোগে অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিদের মাঝে হুইল চেয়ার এবং দরিদ্র ও অসহায় ব্যক্তিদের মাঝে টিউবওয়েল বিতরণ করা হয়েছে।
শনিবার (১৮ এপ্রিল) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে আনুষ্ঠানিকভাবে এসব উপকরণ বিতরণ করা হয়।
অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ-২ (পাকুন্দিয়া-কটিয়াদী) আসনের জাতীয় সংসদ সদস্য এড. মো. জালাল উদ্দীন। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা রুপম দাস ও পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা এসএম আরিফুর রহমান। এতে সভাপতিত্ব করেন তারাকান্দি ফাজিল মাদ্রাসার আরবী প্রভাষক মাও. মো. শফিকুল ইসলাম রুহানী।
অনুষ্ঠানে মোট ২০ জন অসুস্থ ও প্রতিবন্ধী ব্যক্তিকে হুইল চেয়ার এবং ৩০ জন দরিদ্র ও অসহায় ব্যক্তিকে টিউবওয়েল প্রদান করা হয়।
প্রধান অতিথি এড. মো. জালাল উদ্দীন বলেন, সংস্থার উদ্যোগটি খুবই প্রশংসনীয়। এতে এলাকার প্রতিবন্ধী ও অসহায় ব্যক্তিরা উপকৃত হচ্ছে। তবে আরও ভালো হবে, যদি উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে যোগাযোগ করে সঠিকভাবে তালিকা প্রস্তুত করে বিতরণ করা হয়। আমি আশা করছি, ভবিষ্যতে উপজেলা নির্বাহী কর্মকর্তার সঙ্গে সমন্বয় করে একটি সঠিক তালিকা তৈরি করে তা বিতরণ করা হবে।