কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় র্যাব-১৪-এর মাদকবিরোধী অভিযানে ৪ হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেটসহ দুই মাদককারবারিকে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় মাদক পরিবহনে ব্যবহৃত একটি মোটরসাইকেল, মাদক বিক্রির নগদ অর্থ এবং তিনটি মোবাইল ফোন জব্দ করা হয়।
বৃহস্পতিবার (২৫ জুন) বিকেল আনুমানিক ৫টার দিকে উপজেলার মাইজহাটি এলাকায় গোপন সংবাদের ভিত্তিতে অভিযান পরিচালনা করে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্পের একটি আভিযানিক দল।
গ্রেপ্তাররা হলেন বাজিতপুর উপজেলার দক্ষিণ পিরিজপুর গ্রামের লাল মিয়ার ছেলে মো. বাচ্চু মিয়া (৪২) এবং একই গ্রামের রতন মিয়ার ছেলে মো. সাদিক মিয়া (২৫)। তারা উভয়েই কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার দক্ষিণ পিরিজপুর গ্রামের বাসিন্দা।
র্যাব সূত্রে জানা যায়, অভিযানের সময় সন্দেহজনক একটি মোটরসাইকেল থামিয়ে তল্লাশি চালানো হয়। পরে ঘটনাস্থলে উপস্থিত সাক্ষীদের সামনে জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার দুই ব্যক্তি তাদের কাছে ইয়াবা থাকার বিষয়টি স্বীকার করেন। তাদের দেওয়া তথ্য ও দেখানো মতে মোট ৪ হাজার ৩৪০ পিস ইয়াবা ট্যাবলেট উদ্ধার করা হয়।
এ সময় ইয়াবা পরিবহনে ব্যবহৃত মোটরসাইকেলটি জব্দ করা হয়। পাশাপাশি মাদক বিক্রির নগদ অর্থ ও তিনটি মোবাইল ফোনও জব্দ করে র্যাব।
র্যাবের দাবি, গ্রেপ্তাররা দীর্ঘদিন ধরে দেশের বিভিন্ন এলাকা থেকে ইয়াবা সংগ্রহ করে কিশোরগঞ্জসহ আশপাশের বিভিন্ন এলাকায় বিক্রি করে আসছিলেন।
গ্রেপ্তার দুই মাদককারবারির বিরুদ্ধে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণের জন্য উদ্ধারকৃত ইয়াবা ও অন্যান্য আলামতসহ তাদের পাকুন্দিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।