জুলাই গণঅভ্যুত্থানের শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের আত্মার মাগফেরাত কামনায় কবর জিয়ারত ও বিশেষ দোয়া কর্মসূচি পালন করেছে হোসেনপুর উপজেলা প্রশাসন।
বৃহস্পতিবার (১৬ জুলাই) সকালে উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদের কবরে এ কর্মসূচির আয়োজন করা হয়।
এ সময় উপস্থিত ছিলেন উপজেলা কৃষি কর্মকর্তা শেখ মোহাম্মদ মহসিন, উপজেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ডা. মোজাহিদুল ইসলাম শিহাব, হোসেনপুর থানার অফিসার ইনচার্জ (ওসি) মোহাম্মদ রাশেদুল ইসলাম, উপজেলা সমাজসেবা কর্মকর্তা এহসানুল হক, উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) আব্দুল আলীম, জুলাই যোদ্ধা মো. রতন ভূঁইয়া, স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ এবং শহীদের স্বজনরা।
অনুষ্ঠানে শহীদ আব্দুল্লাহ বিন জাহিদসহ জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের রুহের মাগফেরাত কামনা করে বিশেষ মোনাজাত করা হয়। পাশাপাশি দেশের শান্তি, সমৃদ্ধি ও গণতন্ত্রের অগ্রযাত্রা কামনা করে দোয়া করা হয়।
জানা যায়, আব্দুল্লাহ বিন জাহিদ হোসেনপুর উপজেলার পুমদী ইউনিয়নের বর্শিকুড়া গ্রামের বাসিন্দা ছিলেন। তিনি ঢাকার শহীদ রমিজ উদ্দিন ক্যান্টনমেন্ট কলেজের একাদশ শ্রেণির বাণিজ্য বিভাগের শিক্ষার্থী ছিলেন। বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় পরিবারের আপত্তি উপেক্ষা করে তিনি আন্দোলনের বিভিন্ন কর্মসূচিতে অংশ নিতেন।
গত বছরের ৫ আগস্ট রাজধানীর উত্তরায় বিজয় মিছিলে অংশ নেওয়ার সময় তিনি গুলিবিদ্ধ হন। স্থানীয়রা দ্রুত তাকে হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন। ২০২৪ সালের জুলাই গণঅভ্যুত্থানে তার আত্মত্যাগ হোসেনপুরবাসীর জন্য গর্বের বিষয় হিসেবে বিবেচিত হয়।
উপস্থিত কর্মকর্তারা বলেন, “শহীদ আব্দুল্লাহ বিন জাহিদ ও জুলাই গণঅভ্যুত্থানের সকল শহীদের আত্মত্যাগের বিনিময়েই আমরা নতুন বাংলাদেশ পেয়েছি। জাতি তাদের অবদান চিরদিন শ্রদ্ধার সঙ্গে স্মরণ করবে। সরকারের পক্ষ থেকে শহীদ পরিবারের পাশে থাকার সব ধরনের সহযোগিতা অব্যাহত থাকবে।”
হোসেনপুর থানার ওসি মোহাম্মদ রাশেদুল ইসলাম বলেন, “শহীদদের স্মরণ রাখা আমাদের নৈতিক দায়িত্ব। তাদের আত্মত্যাগ থেকে অনুপ্রেরণা নিয়ে আমরা দেশ গঠনে কাজ করে যাব।”
কর্মসূচি শেষে উপজেলা প্রশাসনের কর্মকর্তারা শহীদ পরিবারের সদস্যদের সঙ্গে কথা বলেন, তাদের খোঁজখবর নেন এবং প্রয়োজনের সময় পাশে থাকার আশ্বাস দেন।