কিশোরগঞ্জে আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা ও অপরাধ দমনে বিশেষ অভিযান চালিয়ে সন্ত্রাসবিরোধী আইনে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের ১৮ নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।
বৃহস্পতিবার (৪ সেপ্টেম্বর) কিশোরগঞ্জ জেলা পুলিশের পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।
পুলিশ জানায়, গত ২৪ ঘণ্টায় জেলার বিভিন্ন থানায় পরিচালিত বিশেষ অভিযানে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারদের মধ্যে কটিয়াদী মডেল থানায় পাঁচজন, কিশোরগঞ্জ সদর মডেল থানায় তিনজন, পাকুন্দিয়ায় তিনজন, মিঠামইনে দুজন এবং ইটনা, কুলিয়ারচর, ভৈরব, হোসেনপুর ও করিমগঞ্জ থানায় একজন করে রয়েছেন।
গ্রেপ্তারদের মধ্যে রয়েছেন—ইটনা ৪ নম্বর ইউনিয়ন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক রুবেল আহমেদ (৪৩), কটিয়াদী পৌর আওয়ামী লীগের সহসভাপতি আবু ঈসা মঞ্জিল (৫৫), জালালপুর ইউনিয়ন স্বেচ্ছাসেবক লীগের সাধারণ সম্পাদক মো. মনির হোসেন (৫২), কটিয়াদী পৌরসভার ১ নম্বর ওয়ার্ড যুবলীগের যুগ্ম আহ্বায়ক মো. কিরন মিয়া (৪০), কটিয়াদী পৌরসভার ৬ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সক্রিয় সদস্য শাহীন (৫০) এবং করগাঁও ইউনিয়নের ১০ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি মো. সবিব মিয়া (৩৫)।
এ ছাড়া কুলিয়ারচর থানা আওয়ামী লীগের সক্রিয় সদস্য মো. পারভেজ মিয়া (৪৭), ভৈরবের রসুলপুর ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ড যুবলীগের সভাপতি কুতুব (৪০), হোসেনপুর পৌর আওয়ামী লীগের ৮ নম্বর ওয়ার্ডের সক্রিয় সদস্য মো. আরমান মিয়া (৩২), মিঠামইনের ঘাগড়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক মাসুদ মিয়া (৪৫), একই ইউনিয়নের ১ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের সভাপতি মো. কহিনুর (৪০), পাকুন্দিয়া উপজেলার বুরুদিয়া ইউনিয়ন আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক মো. রফিকুল ইসলাম রবি (৬৪), চরফরাদী ইউনিয়ন আওয়ামী লীগের সহসভাপতি ডা. মো. আজহার আলী রতন (৫৫), উপজেলা ছাত্রলীগের সাবেক আহ্বায়ক মাইনুল হক সেলিম (৫০) এবং করিমগঞ্জ উপজেলা ছাত্রলীগের সক্রিয় সদস্য মো. আল আমিন (২৮)সহ মোট ১৮ জনকে গ্রেপ্তার করা হয়েছে।
পুলিশের বিজ্ঞপ্তিতে বলা হয়, জেলার বিভিন্ন থানা এলাকায় চিরুনি অভিযান চালিয়ে তাদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে সংশ্লিষ্ট থানায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।
জেলা পুলিশ আরও জানায়, আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখা, অপরাধ নিয়ন্ত্রণ এবং জননিরাপত্তা নিশ্চিত করতে জেলার বিভিন্ন এলাকায় বিশেষ অভিযান অব্যাহত থাকবে।