কিশোরগঞ্জে মাদকবিরোধী অভিযান চালিয়ে ৪০০ পিস ইয়াবাসহ মো. আলমগীরী ওরফে আলম (৩৫) নামে এক যুবককে গ্রেপ্তার করেছে পুলিশ।
মঙ্গলবার (২০ অক্টোবর) বেলা পৌনে ১২টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল ইউনিয়নের আমাটি শিবপুর এলাকায় অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়।
গ্রেপ্তার আলমগীরী ওরফে আলম ওই এলাকার মৃত আবু তাহেরের ছেলে।
পুলিশ জানায়, মাদকদ্রব্যের অবৈধ বিস্তার রোধ এবং মাদক কারবারে জড়িত ব্যক্তিদের আইনের আওতায় আনতে কিশোরগঞ্জ সদর মডেল থানা পুলিশ নিয়মিত মাদকবিরোধী অভিযান পরিচালনা করছে। এরই ধারাবাহিকতায় মঙ্গলবার আমাটি শিবপুর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় আলমগীরী ওরফে আলমকে আটক করে তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়।
স্থানীয়দের দাবি, আলমগীরী ওরফে আলম দীর্ঘদিন ধরে মাদক বিক্রির সঙ্গে জড়িত। মাদক কারবারের কারণে এলাকার তরুণ সমাজের ওপর নেতিবাচক প্রভাব পড়ার আশঙ্কা প্রকাশ করে তারা এ ধরনের কর্মকাণ্ড বন্ধে নিয়মিত অভিযান জোরদার ও জড়িত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের দাবি জানিয়েছেন।
কিশোরগঞ্জ সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবুল কালাম ভূঁইয়া গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করে বলেন, আমাটি শিবপুর এলাকায় অভিযান চালিয়ে ওই যুবককে গ্রেপ্তার করা হয়েছে। এ সময় তার কাছ থেকে ৪০০ পিস ইয়াবা উদ্ধার করা হয়। এ ঘটনায় তার বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে।