শারদীয় দুর্গাপূজা উপলক্ষে নওগাঁর বদলগাছীতে বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে এতিম শিশুদের হাতে নতুন টাকার নোট উপহার দিয়েছেন বাংলা পোস্টের নওগাঁ জেলা প্রতিনিধি ও বদলগাছী উপজেলার ৭ নম্বর আধাইপুর ইউনিয়নের চেয়ারম্যান পদপ্রার্থী আশরাফুল ইসলাম নয়ন। তাঁর এই উদ্যোগের ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়ার পর বিষয়টি নিয়ে আলোচনা তৈরি হয়েছে।
জানা যায়, গত মঙ্গলবার রাতে শারদীয় দুর্গাপূজা উপলক্ষে আধাইপুর ইউনিয়নের বিভিন্ন পূজামণ্ডপ পরিদর্শন করেন আশরাফুল ইসলাম নয়ন। এ সময় তিনি সনাতন ধর্মাবলম্বীদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন। পাশাপাশি মণ্ডপ কর্তৃপক্ষের মাধ্যমে বাবা অথবা মা-হারা এতিম শিশুদের খোঁজ নেন। পরে শিশুদের বয়স অনুযায়ী কারও হাতে ১০০ টাকা, আবার কারও হাতে ২০০ টাকার নতুন নোট তুলে দেন তিনি।
নতুন টাকার নোট পেয়ে শিশুদের মধ্যে আনন্দ-উচ্ছ্বাস দেখা যায়। তাদের মুখের হাসি ও স্বতঃস্ফূর্ত আনন্দে পূজামণ্ডপের পরিবেশও হয়ে ওঠে প্রাণবন্ত। ওই রাতে আধাইপুর ইউনিয়নের ১৬টি দুর্গামণ্ডপ ঘুরে শতাধিক এতিম শিশুর হাতে নতুন টাকার নোট উপহার দেন নয়ন।
এ উদ্যোগের বিষয়ে স্থানীয়দের মধ্যে আলোচনা তৈরি হয়েছে। কয়েকজন স্থানীয় বাসিন্দা বলেন, এতিম ও অসহায় শিশুদের পাশে দাঁড়ানোর এমন উদ্যোগ প্রশংসনীয়। তাঁদের মতে, অসহায় মানুষের প্রয়োজন ও অনুভূতি বোঝার পাশাপাশি তাঁদের পাশে দাঁড়ানোও গুরুত্বপূর্ণ।
নিজের অনুভূতি প্রকাশ করে আশরাফুল ইসলাম নয়ন বলেন, “যার বাবা-মা নেই, এই পৃথিবীতে তাকে আগলে রাখার মানুষ খুবই কম। এতিম শিশুদের হাতে যখন নতুন কড়কড়ে নোট তুলে দেওয়া হয়, তখন তাদের মুখে যে নিষ্পাপ আনন্দের হাসি ফুটে ওঠে, সেটিই আমার জীবনের সবচেয়ে বড় প্রাপ্তি। একজন শিশু যখন নতুন নোটের স্পর্শ পেয়ে আনন্দে আত্মহারা হয়, তখন সেই আনন্দ আমি হৃদয়ে গভীরভাবে অনুভব করি।”
তিনি আরও বলেন, “এই কাজ শুধু আজ করছি না, দীর্ঘদিন ধরে প্রতিটি পূজা ও ঈদে নিজের সামর্থ্য অনুযায়ী করে আসছি। ২০১০ সালে নিজস্ব অর্থায়নে ‘মানুষ মানুষের জন্য’ ফাউন্ডেশন গঠন করি। এই ফাউন্ডেশনের উদ্যোগে সামর্থ্য অনুযায়ী মানবিক কাজগুলো করার চেষ্টা করি। এতে আত্মতৃপ্তি পাই, ভালো লাগে। আগামীতে চেয়ারম্যান হলেও এ কাজ অব্যাহত থাকবে, না হলেও থাকবে। এটি আমার মনের তৃষ্ণা মেটায়।”