কিশোরগঞ্জ সদর উপজেলার মহিনন্দ ইউনিয়নের ভদ্রপাড়া গ্রামে পাগলা শিয়ালের আক্রমণে নারী, পুরুষ ও শিশুসহ তিনজন আহত হয়েছেন। একই ঘটনায় শিয়ালের কামড়ে আহত হয়েছে দুটি ছাগল। মঙ্গলবার (২০ অক্টোবর) দুপুরে এ ঘটনা ঘটে।
আহত ব্যক্তিরা হলেন—ভদ্রপাড়া গ্রামের আবুল হাশেম মিয়া (৭০), কামালের পাঁচ বছর বয়সী শিশু এবং রাজমিস্ত্রি ফুরকানের মা (৫৫)। এ ছাড়া একই গ্রামের খালেক ও মানিকের দুটি ছাগল শিয়ালের কামড়ে আহত হয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুরে ওই তিন ব্যক্তি প্রয়োজনীয় কাজে বাড়ির বাইরে বের হলে লোকালয়ের আশপাশ থেকে একটি শিয়াল বের হয়ে তাঁদের ওপর অতর্কিত আক্রমণ চালায়। শিয়ালের কামড়ে তাঁরা আহত হলে তাঁদের চিৎকারে আশপাশের লোকজন ছুটে আসেন। পরে স্বজন ও স্থানীয়দের সহযোগিতায় আহতদের উদ্ধার করে কিশোরগঞ্জ ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালে আহতদের প্রয়োজনীয় চিকিৎসা ও জলাতঙ্ক প্রতিরোধী ভ্যাকসিন দেওয়া হয়। তবে তাঁদের মধ্যে একজনের অবস্থা গুরুতর হওয়ায় তাঁকে ময়মনসিংহ হাসপাতালে পাঠানো হয়েছে বলে জানিয়েছেন স্থানীয় ইউপি সদস্য।
এদিকে, একই দিনে লোকালয়ে শিয়ালের আক্রমণে তিনজন মানুষ ও দুটি ছাগল আহত হওয়ার ঘটনায় ভদ্রপাড়া গ্রামজুড়ে আতঙ্ক বিরাজ করছে। বিশেষ করে দিনের বেলায় লোকালয়ের কাছাকাছি শিয়ালের বিচরণ ও মানুষের ওপর আক্রমণের ঘটনায় শিশু, বয়স্ক ব্যক্তি ও সাধারণ পথচারীদের নিরাপত্তা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে।
স্থানীয় বাসিন্দা ও সমাজকর্মী রেনু মিয়া জানান, আগে সাধারণত ঝোপঝাড়, ফসলি জমি কিংবা নির্জন এলাকায় শিয়ালের দেখা মিলত। তবে সম্প্রতি লোকালয়ের কাছাকাছি শিয়ালের আনাগোনা লক্ষ্য করা যাচ্ছে। এতে শিশু, বয়স্ক ব্যক্তি ও পথচারীদের মধ্যে আতঙ্ক তৈরি হয়েছে।
স্থানীয়দের মতে, এ ধরনের ঘটনা এড়াতে লোকালয়ের আশপাশে বন্য প্রাণীর বিচরণ সম্পর্কে সতর্কতা বাড়ানো এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া জরুরি। পাশাপাশি শিয়ালের আক্রমণের শিকার হলে দ্রুত চিকিৎসা নেওয়া এবং জলাতঙ্ক প্রতিরোধে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা উচিত।