নওগাঁর বদলগাছী উপজেলার বৈকুন্ঠপুর সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শহীদ মিনার রাতের আঁধারে ভাঙচুর করেছে দুর্বৃত্তরা। এর আগে শহীদ মিনারটির কিছু অংশ ক্ষতিগ্রস্ত করা হয়েছিল। এবার বাকি দুটি পিলারও ভেঙে ফেলার অভিযোগ উঠেছে। এ ঘটনায় স্থানীয় বাসিন্দা ও শিক্ষার্থীদের মধ্যে তীব্র ক্ষোভের সৃষ্টি হয়েছে।
বিদ্যালয় সূত্রে জানা যায়, গত রাতে বিদ্যালয় প্রাঙ্গণে অবস্থিত শহীদ মিনারটি ভাঙচুর করা হয়। অজ্ঞাতপরিচয় ব্যক্তিরা এ ঘটনা ঘটিয়েছে বলে ধারণা করা হচ্ছে। বিষয়টি জানার পর বিদ্যালয় কর্তৃপক্ষ স্থানীয় প্রশাসনকে অবহিত করে এবং আইনগত পদক্ষেপ গ্রহণ করে।
বিদ্যালয়ের প্রধান শিক্ষক শুকলা রানি জানান, রাতের আঁধারে কে বা কারা শহীদ মিনারটি ভেঙেছে, তা এখনো নিশ্চিত হওয়া যায়নি। এ ঘটনায় থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করা হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
এ বিষয়ে পুলিশের উপপরিদর্শক (এসআই) কামরুল বলেন, ঘটনাটি সরেজমিনে তদন্ত করা হয়েছে। প্রাথমিক তদন্তে ভাঙচুরের সত্যতা পাওয়া গেছে। বিষয়টি গুরুত্বের সঙ্গে তদন্ত করা হচ্ছে। তদন্ত শেষে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।
এদিকে, শহীদ মিনার ভাঙচুরের ঘটনায় স্থানীয় বাসিন্দারা ক্ষোভ প্রকাশ করেছেন। তাঁদের ভাষ্য, শিক্ষার্থীদের খেলাধুলার মাঠে যাতে কোনো অসুবিধা না হয়, সে বিষয়টি বিবেচনায় রেখেই শহীদ মিনারটি বিদ্যালয় প্রাঙ্গণের নির্দিষ্ট স্থানে নির্মাণ করা হয়েছিল।
স্থানীয়দের ধারণা, এটি সাধারণ কোনো দুর্ঘটনা নয়; বরং পরিকল্পিতভাবে ভাঙচুর করা হয়ে থাকতে পারে। তবে এ বিষয়ে তদন্তের মাধ্যমে প্রকৃত ঘটনা উদ্ঘাটনের দাবি জানিয়েছেন তাঁরা।
স্থানীয় বাসিন্দারা ঘটনার সুষ্ঠু ও নিরপেক্ষ তদন্ত করে জড়িত ব্যক্তিদের শনাক্ত এবং দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। একই সঙ্গে শহীদ মিনারটির মর্যাদা রক্ষা ও পুনর্নির্মাণে প্রয়োজনীয় উদ্যোগ নেওয়ার আহ্বান জানিয়েছেন তাঁরা।