নিউজ ডেস্ক:
লক্ষ্মীপুরের মেঘনায় ইলিশের প্রজনন মৌসুমে মার্চ থেকে এপ্রিল দুই মাস নিষেধাজ্ঞা শেষে আগামীকাল বুধবার থেকে শুরু হচ্ছে ইলিশ শিকার। নদীতে মাছ ধরতে এরই মধ্যে সকল ধরণের প্রস্তুতি নিয়েছে জেলেরা। মৎস্যজীবীদের মাঝে ফিরে এসে প্রাণচাঞ্চল্য।
লক্ষ্মীপুরের রামগতি আলেকজান্ডার থেকে চাঁদপুরের ষাটনল এলাকার একশ কিলোমিটার মেঘনা নদীতে মার্চ থেকে এপ্রিল দু’মাস ইলিশের অভয়াশ্রম ঘোষণা করেছিল সরকার। আর ইলিশের এই প্রজনন মৌসুমে মাছ ধরা ও বিক্রির উপর নিষেধাজ্ঞা শেষ হচ্ছে ৩০ এপ্রিল মঙ্গলবার। এরই মধ্যে জাল বুনিয়ে ও নৌকা মেরামত শেষে সকল প্রস্তুতি নিয়েছে জেলেরা।
প্রাণচাঞ্চল্য ফিরে এসেছে মেঘনার জেলেদের মাঝে। আগামী পহেলা মে বুধবার থেকে নদীতে মাছ শিকার করতে পারবে জেলেরা। কেউ কেউ আজ মঙ্গলবার রাত ১২টা থেকে নৌকা ও জাল নিয়ে মাছ শিকারের প্রস্তুতি নিয়েছে। এ দু’মাস নদীতে সকল ধরণের মাছ ধরা নিষিদ্ধ ছিল। তবে পরবর্তী মে জুন দু’মাস ১০ ইঞ্চির নিচে জাটকা শিকারের উপর নিষেধাজ্ঞা থাকছে। এসময় নদীতে মাছ শিকার করতে পারবে তবে জাটকা শিকার থেকে বিরত থাকবে জেলেরা।
জেলা মৎস্য কর্মকর্তা এস এম মহিব উল্যাহ জানান, ইলিশ মাছের প্রজনন মৌসুমে নিষেধাজ্ঞা চলাকালে উপজেলা মৎস্য অফিস, উপজেলা প্রশাসন, পুলিশ ও কোস্টগার্ডের সহযোগিতায় অভিযান চালানো হয়েছে। কাল থেকে জেলেরা সকল মাছ শিকার করতে পারবে।