রাজধানীর হানিফ ফ্লাইওভারে একঘণ্টার ব্যবধানে সড়ক দুর্ঘটনায় দুজন মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। গুরুতর আহত হয়েছেন তিনজন। তাদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়েছে। ময়নাতদন্তের জন্য নিহতদের মরদেহ রাখা হয়েছে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে। নিহত দুজন হলেন- মো. ইমন (২০) ও রিয়াজ আহম্মেদ (১৮)। ইমন রাজধানীর সিদ্ধেশ্বরী বিশ্ববিদ্যালয় কলেজের প্রথম বর্ষের শিক্ষার্থী আর রিয়াজ এসএসসি পাস করেছে। আহত তিনজন হলেন মো. সোহাগ (১৯), মো. নাসিম (২০) ও সোহাগ (১৮)। বৃহস্পতিবার বিষয়টি নিশ্চিত করেছেন ডিএমপির ওয়ারী জোনের সিনিয়র পুলিশ কমিশনার সামসুজ্জামান বাবু। প্রত্যক্ষদর্শী সূত্রে জানা গেছে, রাজধানীর মেয়র মোহাম্মদ হানিফ ফ্লাইওভার হয়ে শনির আখরা থেকে মোটরসাইকেলে কলে গুলিস্তান যাচ্ছিলেন তিন শিক্ষার্থী। এসময় তাদের বাইকটিকে ধাক্কা দেয় একটি সিএনজি অটোরিকশা। ঘটনাস্থলেই নিহত হন সিদ্ধেশ্বরী কলেজের শিক্ষার্থী ইমন। আহত হন আরো তিনজন। এক ঘণ্টার ব্যবধানে অপর দুর্ঘটনায় নিহত হন রিয়াজ আহম্মেদ। অন্যদিকে মিরপুর ১১ নম্বর সেকশনে বয়েজ বাংলা স্কুলের সামনের সড়কে পরীস্থান ও খাজাবাবা পরিবহনের দুটি বেপরোয়া বাস নিজেদের মধ্যে ওভারটেক করার চেষ্টা করে। এসময় একটি সিএনজিচালিত অটোরিকশা ও একটি রিকশাকে চাপা দেয় পরিস্থান বাসের চালক। সেখানে আহত হন দুই সিএনজি ও এক রিকশাযাত্রী। এই দুর্ঘটনার প্রতিবাদে বাসটি আটক করে আগুন ধরিয়ে দেয় উত্তেজিত জনতা। সেখানে প্রায় তিন ঘণ্টা সড়ক অবরোধ করে রাখে স্থানীয়রা। পরে পুলিশ পরীস্থান বাসের চালক ইব্রাহিমকে আটক করলে পরিস্থিতি স্বাভাবিক হয়।