স্বপ্নের ইউরোপে পাঠানোর নাম করে ১কোটি ২৮লাখ টাকা নিয়ে লাপাত্তা হওয়ার অভিযোগ পাওয়া গেছে এক ট্রাভেলস এজেন্সির বিরুদ্ধে। ঢাকার বিজ্ঞ চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আদালতে বৈদেশিক কর্মসংস্থান ও আদিবাসী আইনে মামলা দায়ের করেও মিলছে না কোনো সুরাহা । টাকা ফেরতসহ প্রতারক চক্র রাজধানীর গুলশানে অবস্থিত ‘ভিসা এপ্লিকেশন সেন্টার’ নামক ওই ট্রাভেল এজেন্সীর মালিক ও কর্মচারীদের দ্রুত গ্রেফতারের দাবি জানিয়েছেন ভুক্তভোগী ও তাদের স্বজনরা।
প্রতিষ্ঠানটির বিরুদ্ধে কিশোরগঞ্জের ভৈরবের ১৫ জনকে ওর্য়াক পারমিট ও জব অফার লেটারসহ ইউরোপের কানাডা ও সার্বিয়া পাঠানোর কথা বলে তাদের কাছ থেকে ১ কোটি ২৮ লাখ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ পাওয়া গেছে। প্রশাসনের হস্তক্ষেপ কামনা করে আজ বুধবার সকাল ১১টায় ভিসা এপ্লিকেশন সেন্টার নামে ট্রাভেলস এজেন্সির বিরুদ্ধে উপজেলার শ্রীনগর গ্রামে সংবাদ সম্মেলন করেন ভুক্তভোগীরা।
সংবাদ সম্মেলনে ভুক্তভোগীরা বলেন, ঢাকার গুলশানে অবস্থিত ভিসা এপ্লিকেশন সেন্টারের মালিক এম.এস. আজিজুল হক, তার স্ত্রী সাফরিন এবং ম্যানেজার ইউনুস আমাদের কাছ থেকে কানাডা ও সার্বিয়া পাঠানোর কথা বলে ১ কোটি ২৮ লাখ টাকা হাতিয়ে নিয়েছে। গত বছরের ১২ মার্চ কানাডা নেয়ার কথা বলে ১৫ জনের মধ্যে ৭ জনকে ভারত ও নেপাল পাঠানো হলেও নকল ভিসার কারণে তাদেরকে পুনরায় বাংলাদেশে ফেরত পাঠানো হয়। দেশে এসে অভিযুক্ত ট্রাভেল এজেন্সী টি তালাবদ্ধ পাওয়া যায়।
সংবাদ সম্মেলণে দ্রুততম সময়ের মধ্যে প্রতারক এম এস আজিজুল হক, তার স্ত্রী সাফরিন হক ও ম্যানেজার মোঃ ইউনুসকে আইনের আওতায় এনে দৃষ্টান্ত মূলক শাস্তির দাবি সহ পাসপোর্ট ও ভিসা ফি বাবদ ১ কোটি ২৮ লক্ষ টাকা ফিরিয়ে দেওয়ার দাবি জানান তারা।