কারিগরি, বৃত্তিমূলক শিক্ষা ও প্রশিক্ষণ (টিভিইটি) উন্নয়নে বাংলাদেশ সরকার ও এশীয় উন্নয়ন ব্যাংক (এডিবি) ১৫০ মিলিয়ন ডলারের ঋণ চুক্তি স্বাক্ষর করেছে। রোববার (৩ আগস্ট) রাজধানীর শেরেবাংলা নগরের এনইসি সম্মেলন কক্ষে ইআরডি সচিব মো. শাহরিয়ার কাদের সিদ্দিকী এবং এডিবির কান্ট্রি ডিরেক্টর হোয়ে ইউন জিয়ং নিজ নিজ পক্ষে চুক্তিতে স্বাক্ষর করেন।
এ কর্মসূচি বাংলাদেশের কর্মসংস্থান বৃদ্ধি ও বৈশ্বিক প্রতিযোগিতায় সক্ষমতা বাড়াতে সহায়ক হবে। এটি যান্ত্রিক, ইলেকট্রনিক্স ও বৈদ্যুতিক, তথ্য ও যোগাযোগ প্রযুক্তি, সিভিল, খাদ্য ও কৃষি—এই পাঁচটি প্রযুক্তি খাতে বিশেষভাবে কাজ করবে।
এডিবি জানায়, কর্মসূচির আওতায় ঢাকার বাইরে সুবিধাবঞ্চিত অঞ্চলের টিভিইটি শিক্ষকদের জন্য আধুনিক প্রশিক্ষণের সুযোগ বৃদ্ধি করা হবে। বিশেষ করে উদীয়মান প্রযুক্তি বিষয়ে দক্ষতা বৃদ্ধিতে গুরুত্ব দেওয়া হবে। এতে শিক্ষক উন্নয়ন, ব্যবস্থাপনা ও প্রতিবেদনের ব্যবস্থা আরও শক্তিশালী হবে।
কর্মসূচি শেষে কমপক্ষে ১০ হাজার নতুন ও বিদ্যমান টিভিইটি শিক্ষক দক্ষতা বৃদ্ধি করবেন, যা ২ লাখ ৫০ হাজারেরও বেশি শিক্ষার্থীর ওপর ইতিবাচক প্রভাব ফেলবে। দীর্ঘমেয়াদে এটি দেশব্যাপী টিভিইটির টেকসই মান ও প্রাসঙ্গিকতা নিশ্চিত করবে।