মঙ্গলবার, ১২ মে ২০২৬, ০৯:৪৩ অপরাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :

টিটনের খুনিরা পুলিশের ‘ছকের ভেতরে’: ডিবি

ডেস্ক নিউজ
  • আপডেট সময় মঙ্গলবার, ১২ মে, ২০২৬
  • ৩৬ বার পড়া হয়েছে

ঢাকার নিউ মার্কেটের পাশে ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটনকে যারা খুন করেছে, তাদের ‘মোটামুটি একটা ছকের ভেতরে’ নিয়ে আসার কথা বলেছেন ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের অতিরিক্ত কমিশনার মো. শফিকুল ইসলাম।

তবে ‘তদন্তের স্বার্থে’ তাদের অবস্থানের বিষয়ে সুনির্দিষ্টভাবে কোনো তথ্য প্রকাশ করতে অপরাগতা প্রকাশ করেছন তিনি।

মঙ্গলবার (১২ মে) দুপুরে ডিএমপির মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টিটন হত্যার বিষয়ে সাংবাদিকদের প্রশ্নের জবাবে এই পুলিশ কর্মকর্তা বলেন, “আমরা এটা নিয়ে চেষ্টা করছি।”

গেল ২৮ এপ্রিল রাতে নিউ মার্কেটের পাশে এক ব্যক্তিকে গুলি করে হত্যা করে মাস্ক পরিহিত দুজন মোটরসাইকেল আরোহী। পরে পুলিশ জানায়, নিহত ব্যক্তি ‘শীর্ষ সন্ত্রাসী’ খন্দকার নাঈম আহমেদ টিটন।

বিগত বিএনপি-জামায়াত জোট সরকারের সময় ২০০১ সালে পুলিশ যে ২৩ ‘শীর্ষ সন্ত্রাসীর’ তালিকা প্রকাশ করে সেখানে টিটনের নাম ছিল। তার ভগ্নিপতি আরেক ‘শীর্ষ সন্ত্রাসী’ সানজিদুল ইসলাম ইমন। তারা দুজনই মোহাম্মদপুরের ‘সন্ত্রাসী চক্র’ হারিছ-জোসেফ গ্রুপে যুক্ত ছিলেন।

ঘটনার ১৫ দিনেও কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলশ। এ বিষয়ে এক প্রশ্নের জবাবে ডিবির শফিকুল ইসলাম বলেন, খুনিরা মোটরসাইকেলে করে রায়েরবাজার পর্যন্ত গেছে, এরপর আর ট্রেস পাওয়া যাচ্ছে না।

“রায়ের বাজার পর্যন্ত কে গিয়েছিল, এটা যেহেতু জানতে পারছি, তাহলে ধরে নেন যে খুনিদেরকে আমরা মোটামুটি একটা ছকের ভিতর নিয়ে আসছি।”

তিনি বলেন, “আমরা কোনো বিষয়ে ছাড় দিচ্ছি না। শুধু এক টার্গেট নিয়ে আমরা পড়ে আছি তা না। মিডিয়াতে এটা নিয়ে বিভিন্ন কথা আসছে, তা আমরা সবগুলোই সাদরে গ্রহণ করেছি। একবারে রহস্য উদ্ঘাটন না করা পর্যন্ত আমরা সবগুলো তথ্য মাথায় রেখে কাজ করছি।”

যাত্রাবাড়ী এলাকা থেকে ডাকাতির প্রস্তুতিকালে ‘আন্তঃজেলা ডাকাত দলের’ পাঁচ সদস্যকে গ্রেপ্তারের বিষয় জানাতে এদিন সংবাদ সম্মেলনে এসেছিলেন শফিকুল ইসলাম।

সোমবার ডিবির ওই অভিযানে গ্রেপ্তাররা হলেন- মো. লিটন জব্বার (৫২), ইসমাইল হোসেন মামুন (৫৫), মো. বাবুল বাবু (৪৫), আইয়ুব ভূইয়া (৩০) ও মো. রোমান (৩৫) ।

তাদের কাছ থেকে দুটি পিস্তল, দুটি ম্যাগাজিন, ৭ রাউন্ড গুলি, ২ কেজি ২০০ গ্রাম বিস্ফোরক, একটি চাপাতি ও দুটি মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে।

ডিএমপির ডিবি প্রধান বলেন, গ্রেপ্তাররা যাত্রাবাড়ী এলাকায় একটা ফার্নিচারের দোকানের সামনে জড়ো হয়ে ডাকাতি করার ‘প্রস্তুতি নিচ্ছিল’।

প্রাথমিক জিজ্ঞাসাবাদের ভিত্তিতে তিনি বলেন, “ঈদ সামনে রেখে বিকাশ-নগদে প্রচুর পরিমাণ টাকার ট্রানজেকশন হবে। তারা প্রথমে পরিকল্পনা করেছিল বিকেলে যখন টাকাগুলো ক্যারি করবে, যে কোনো একটা এজেন্টের কাছ থেকে সেগুলো ছিনিয়ে নেবে।

“এরপর তারা রাতে ঢাকার পার্শ্ববর্তী একটা জেলায় স্বর্ণের দোকান ডাকাতির পরিকল্পনা করছিল। তাদের প্রত্যেকের নামে ৫-৬টা করে মামলা আছে।”

বিকাশ-নগদ এজেন্টদেরকে বড় অঙ্কের টাকা পরিবহনে পুলিশের সহায়তা নেওয়ার পরামর্শ দেন অতিরিক্ত কমিশনার শফিকুল।

গত ১ মে থেকে ঢাকায় শুরু হওয়া পুলিশের বিশেষ অভিযানের প্রথম ১১ দিন মোট ৫৬৮ জনকে গ্রেপ্তারের তথ্য দেন তিনি।

এই ডিবি কর্মকর্তা বলেন, “এর মধ্যে আমাদের যে চাঁদাবাজের তালিকা আছে, এই তালিকাভুক্ত ১৫৪ জন এবং ১৩২ জন তাদের সহযোগী। এর বাইরে ২৬১ জন ছিনতাইকারী, ১৮ জন চোরাকারবারী এবং মাদক ব্যবসায়ী রয়েছেন।”

আগামী দিনে পুলিশের এই অভিযান ‘আরো জোরদার’ হবে বলে তিনি হুঁশিয়ার করেন।

শফিকুল ইসলাম বলেন, “আমরা চাচ্ছি ঢাকা মহানগরসহ টোটাল বাংলাদেশকে একটা অপরাধমুক্ত এবং জনগণের নিরাপদ একটি দেশ গড়ার জন্য। অপরাধী যেই হোক, তাকে আমরা গ্রেপ্তার করতে সক্ষম হব।”

গ্রেপ্তারদের কাছ থেকে পাওয়া তথ্যের বিষয়ে তিনি বলেন, “জিজ্ঞাসাবাদে তারা যদি ওরকম, যে তথাকথিত গডফাদার বা বড়ভাই বা এলাকাভিত্তিক যে তাদের লিডার আছে তাদের নাম বলে, আমরা এভিডেন্স হিসেবে রেখে দিচ্ছি। আমরা অবশ্যই তাদেরকে আইনের আওতায় নিয়ে আসব, এ ব্যাপারে কাউকে ছাড় দেওয়া হবে না।”

গেল পহেলা মে থেকে ঢাকায় চাঁদাবাজ, মাদক, অস্ত্রধারী সন্ত্রাসী ও অনলাইন জুয়াবিরোধী ‘বিশেষ অভিযান’ শুরুর কথা বলেছে ডিএমপি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com