কিশোরগঞ্জের পাকুন্দিয়ায় ২০২২ সালের ৩ সেপ্টেম্বর বিএনপির শান্তিপূর্ণ কর্মসূচিতে গুলিবর্ষণের ঘটনায় সাবেক ওসিসহ ৩২ জনের বিরুদ্ধে আদালতে মামলা দায়ের করা হয়েছে। মামলায় পাকুন্দিয়া থানার তৎকালীন ওসি সারোয়ার জাহান, ১৪ জন পুলিশ সদস্য এবং আওয়ামী লীগের ১৭ জন নেতাকর্মীর নাম উল্লেখ করা হয়েছে। এছাড়া অজ্ঞাতনামা আরও ৯০ থেকে ১১০ জনকে আসামি করা হয়েছে।
গত ২৪ মে পাকুন্দিয়া উপজেলা ছাত্রদলের আহ্বায়ক মাজহারুল হক উজ্জ্বল বাদী হয়ে কিশোরগঞ্জের সিনিয়র জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট ৩ নম্বর আমলি আদালতে মামলাটি দায়ের করেন।
সোমবার (১ জুন) দুপুরে আদালতের বিচারক আমিনুল ইসলাম বুলবুল মামলাটি আমলে নিয়ে এফআইআর হিসেবে রেকর্ড করার জন্য পাকুন্দিয়া থানাকে নির্দেশ দেন।
মামলার উল্লেখযোগ্য আসামিদের মধ্যে রয়েছেন পাকুন্দিয়া থানার তৎকালীন এসআই নাহিদ হাসান সুমন, শাহ কামাল, আরিফ, মিজান, মজিবুর রহমান, আশরাফুল্লাহ, মিজানুর রহমান, শহীদুল্লাহ, রফিকুল ইসলাম, মেহেদী হাসান, আওলাদ হোসেন, আরশাদ মিয়া ও আশরাফ মোল্লাসহ আরও কয়েকজন।
মামলার এজাহার সূত্রে জানা যায়, ২০২২ সালের ৩ সেপ্টেম্বর দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির প্রতিবাদে দেশব্যাপী বিএনপির ঘোষিত বিক্ষোভ কর্মসূচির অংশ হিসেবে পাকুন্দিয়ায় উপজেলা ও পৌর বিএনপিসহ অঙ্গ ও সহযোগী সংগঠনের নেতাকর্মীরা বিক্ষোভ মিছিল ও সমাবেশের আয়োজন করেন। বিভিন্ন এলাকা থেকে নেতাকর্মীরা পৌর এলাকার সৈয়দগাঁও চৌরাস্তায় এসে জড়ো হন।
এজাহারে অভিযোগ করা হয়, ওই সময় তৎকালীন ওসি সারোয়ার জাহানের নেতৃত্বে একদল পুলিশ সদস্য রাইফেল, শর্টগান, টিয়ার গ্যাস ও সাউন্ড গ্রেনেডসহ ব্র্যাক অফিসের সামনে অবস্থান নেয়। একপর্যায়ে বিএনপির সমাবেশে গুলিবর্ষণ ও হামলার ঘটনা ঘটে।
মামলায় দাবি করা হয়েছে, ওসি সারোয়ার জাহানের শর্টগানের গুলিতে যুবদল নেতা আব্দুল জলিলের বাঁ চোখ গুরুতরভাবে ক্ষতিগ্রস্ত হয়। এসআই নাহিদ হাসান সুমনের গুলিতে ছাত্রদল নেতা শ্রাবণ গুরুতর আহত হন। এছাড়া এসআই আরিফের গুলিতে গোলাপ নামে এক কর্মী আহত হন এবং এসআই শাহ কামালের মারধরে যুবদল নেতা মোখলেছের হাত ভেঙে যায় বলে অভিযোগ করা হয়েছে।
এ ঘটনায় বিএনপি ও এর অঙ্গসংগঠনের শতাধিক নেতাকর্মী আহত হন এবং পরে তারা ঢাকা ও দেশের বিভিন্ন হাসপাতালে চিকিৎসা নেন বলে এজাহারে উল্লেখ করা হয়েছে।
পাকুন্দিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এস এম আরিফুর রহমান বলেন, মামলার বিষয়ে তিনি শুনেছেন। তবে আদালতের আদেশ এখনো হাতে পাননি। আদেশ পাওয়ার পর প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।