কিশোরগঞ্জ জেলার বাজিতপুর উপজেলার পিরিজপুর বাজার এলাকা হতে ১২ কেজি গাঁজাসহ ২ মাদক ব্যাবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব-১৪, সিপিসি-২, কিশোরগঞ্জ ক্যাম্প।
গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, বাহ্মনবাড়িয়া থেকে ভৈরব ও কিশোরগঞ্জ হয়ে নেত্রকোণা এবং ময়মনসিংহ এলাকায় কিছু মাদক ব্যবসায়ী বিভিন্ন সময় মাদক দ্রব্য পাচার করে আসছে। এমন সংবাদের ভিত্তিতে উক্ত এলাকায় র্যাব গোয়েন্দা নজরদারির পাশাপাশি র্যাব টহল জোরদার করে।
আজ (২৪ অক্টোবর) সকাল আনুমানিক সাড়ে আটটার দিকে পিরিজপুর এলাকায় র্যাব চেক পোষ্ট স্থাপন করে। উক্ত চেক পোষ্ট পরিচালনা করার সময় ১টি মিনি ট্রাককে এর গতিবিধি সন্দেহ জনক হলে উক্ত ট্রাক তল্লাশী করে ১২ (বার) কেজি গাঁজা সহ মাদক ব্যবসায়ী মোঃ আহলাদ মিয়া (৪০) ও মো: জুলহাস (২০) কে গ্রেফতার করা হয়। আহলাদ মিয়ার পিতার নাম লালু হোসেন এবং জুলহাসের পিতার নাম মো: ইছব আলী। তাদের পৈতৃক নিবাস নেত্রকোণা জেলার বারহাট্ট উপজেলার দশধার গ্রামে।
প্রাথমিক জিজ্ঞাসাবাদে ধৃত আসামী মাদক ক্রয়-বিক্রয় এর সাথে জড়িত থাকার কথা স্বীকার করে।
উক্ত ঘটনা সংক্রান্তে গ্রেফতারকৃত আসামীর বিরুদ্ধে ২০১৮ সালের মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ জেলার বাজিতপুর থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।