বাংলাদেশ আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক ও প্রাক্তন জন প্রশাসনমন্ত্রী প্রয়াত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরাল ভাঙার প্রতিবাদে কিশোরগঞ্জে মানববন্ধন করেছে ছাত্রলীগ।
শনিবার (৩১ জুলাই) সকালে শহরের শহীদ সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনের সড়কে মানববন্ধন কর্মসূচি পালন করে ছাত্রলীগ। জেলা ছাত্রলীগের সাংগঠনিক সম্পাদক লুৎফুর রহমান নয়নের নেতৃত্বে নেতাকর্মীরা এতে অংশ নেন। মানববন্ধনে জেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক এডভোকেট সৈয়দ আশফাকুল ইসলাম টিটু, কেন্দ্রিয় ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক অজয় কর খোকন, জেলা ছাত্রলীগের সাবেক সভাপতি বশির উদ্দিন রিপন, যুবলীগ নেতা এডভোকেট মাহবুবুর রশিদ শরমিন, মাহফুজুর রহমান বক্তব্য রাখেন।
তারা ম্যুরাল ভাঙার সাথে প্রত্যক্ষ ও পরোক্ষভাবে জড়িতদের চিহ্নিত করে সকলকে আইনের আওতায় এনে দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানান। ঘন্টাব্যাপী মানববন্ধনে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতাকর্মীরা অংশ নেন। গতকাল একই স্থানে বিক্ষোভ ও মানববন্ধন করেছে কিশোরগঞ্জ জেলা নাগরিক অধিকার সুরক্ষা মঞ্চ।
উল্লেখ্য, গত বৃহস্পতিবার রাতে কিশোরগঞ্জ শহরের কালীবাড়ি সড়কস্থ নরসুন্দা নদীর তীরে নির্মিত সৈয়দ আশরাফুল ইসলামের ম্যুরালটি দুর্বৃত্তদের হামলায় ক্ষতিগ্রস্ত হয়। এ ব্যাপারে কিশোরগঞ্জ পৌরসভার সহকারী প্রকৌশলী রফিকুল ইসলাম বাদী হয়ে শুক্রবার সকালে কিশোরগঞ্জ মডেল থানায় একটি মামলা দায়ের করেন। এরই পরিপ্রেক্ষিতে শুক্রবার বিকালে পুলিশ অভিযান চালিয়ে সৈয়দ নজরুল ইসলাম চত্বরের সামনে থেকে পারভেজ নামে একজনকে গ্রেফতার করে। গ্রেফতারের পর পারভেজ এ ঘটনায় নিজের জড়িত থাকার কথা পুলিশের কাছে স্বীকার করেছেন বলে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা আবু বকর সিদ্দিক জানিয়েছেন।