কিশোরগঞ্জে ১০০ পিস ইয়াবাসহ মো. জুনায়েদ হোসেন (১৯) নামে এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্প।
সোমবার (৮ নভেম্বর) সকালে কিশোরগঞ্জ র্যাব এ তথ্য জানায়। আটক মাদক ব্যবসায়ী মো. জুনায়েদ হোসেন (১৯) জেলার কিশোরগঞ্জ সদর উপজেলার যশোদল দামপাটুলি এলাকার মো. হাবিবুর রহমানের ছেলে।
র্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার (০৭ নভেম্বর) দিনগত রাত ১১টার দিকে কিশোরগঞ্জ সদর উপজেলার বৌলাই এলাকায় অভিযান পরিচালনা করে র্যাব সদস্যরা। এসময় মাদক ব্যবসায়ী মো. জুনায়েদ হোসেনকে আটক করা হয়। পরে তার কাছ থেকে ১০০ পিস ইয়াবা ও একটি মোবাইলফোন উদ্ধার করে জব্দ করা হয়।
র্যাবের প্রাথমিক জিজ্ঞাসাবাদে আটক মাদক ব্যবসায়ী মো. জুনায়েদ হোসেন দীর্ঘদিন যাবৎ মাদক ক্রয়-বিক্রয় করে আসছিল বলে স্বীকার করে।
র্যাব-১৪, সিপিসি-২ কিশোরগঞ্জ ক্যাম্পের কোম্পানী অধিনায়ক লেফটেন্যান্ট কমান্ডার বিএন এম শোভন খান জানান, অভিযানে আটকের পর মাদক ব্যবসায়ী মো. জুনায়েদ হোসেনের বিরুদ্ধে মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে কিশোরগঞ্জ মডেল থানায় মামলা দায়ের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।