বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর জাতীয় পর্যায়ের প্রতিযোগিতায় বড় জয় পেয়েছে খুলনা, ময়মনসিংহ এবং রংপুর বিভাগ। এছাড়া টাইব্রেকারে কষ্টার্জিত জয় পেয়েছে রাজশাহী বিভাগ।
মোহাম্মদপুরস্থ সরকারি শারীরিক শিক্ষা কলেজ মাঠে বঙ্গমাতা শেখ ফজিলাতুন্নেছা মুজিব জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট, বালিকা (অনূর্ধ্ব-১৭) ২০২১ এর জাতীয় পর্যায়ের চারটি ম্যাচ অনুষ্ঠিত হয়। দিনের প্রথম ম্যাচে বরিশাল বিভাগের বিপক্ষে ৯-০ গোলের বড় জয় পেয়েছে খুলনা বিভাগ। দলের হয়ে সর্বোচ্চ ৪ গোল করেন সন্ধ্যা। এছাড়া বিদিশা ২টি, ঋতু বৈরাগী ১টি, দীপা ১টি এবং পূজা করেন ১টি করে গোল।
দিনের দ্বিতীয় ম্যাচে চট্টগ্রাম বিভাগের বিপক্ষে ৫-০ গোলের জয় পেয়েছে রংপুর বিভাগ। নাসরিন ৩টি এবং লিভা করেন ২টি করে গোল। এদিকে দিনের তৃতীয় ম্যাচে সিলেট বিভাগের বিপক্ষে ৭-০ গোলের বড় জয় পেয়েছে ময়মনসিংহ বিভাগ। সীনহা জাহান, সাবরিনা আক্তার এবং মলি আক্তার করেন ২টি করে গোল। এছাড়া তাপসি করেন একটি গোল। দিনের শেষ ম্যাচে জমজমাট লড়াই করে ঢাকা এবং রাজশাহী বিভাগ। ম্যাচের প্রথমার্ধ শেষ হয় গোল ছাড়াই। দ্বিতীয়ার্ধের ৪৬ মিনিটে পেনাল্টি থেকে ঢাকা বিভাগকে এগিয়ে নেয় কামরুন্নাহার। ম্যাচের শেষ দিকে স্বর্ণালীর গোলে সমতায় ফেরে রাজশাহী। শেষ পর্যন্ত ১-১ গোলে সমতায় শেষ হয় নির্ধারিত সময়। টাইব্রেকারে ৪-৩ গোলে হারিয়ে সেমিফাইনাল নিশ্চিত করে রাজশাহী বিভাগ।
শনিবার সকাল ৯টায় প্রথম সেমিফাইনালে মাঠে নামবে খুলনা এবং রংপুর বিভাগ। সকাল ১১ টায় দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি হবে ময়মনসিংহ এবং রাজশাহী বিভাগ। একই দিনে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান জাতীয় গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট বালক (অনূর্ধ্ব-১৭) এর দুটি সেমিফাইনাল ম্যাচ অনুষ্ঠিত হবে। বেলা ১টায় ঢাকা-রাজশাহী বিভাগ এবং বেলা ৩ টায় সিলেট-চট্টগ্রাম বিভাগ।