বৃহস্পতিবার (৯ডিসেম্বর) আন্তর্জাতিক নারী নির্যাতন প্রতিরোধ পক্ষ ও বেগম রোকেয়া দিবস ২০২১ উপলক্ষে উপজেলা প্রশাসন ও উপজেলা মহিলা বিষয়ক কার্যালয়ের আয়োজনে উপজেলা সভাকক্ষে এক আলোচনা সভা অনুষ্ঠিত হয়েছে। এসময় পাঁচটি ক্যাটাগরিতে পাঁচজন জয়িতাকে সংবর্ধনা প্রদান করা হয়েছে।
উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা স্বপন কুমার দত্তের সভাপতিত্বে ও উপজেলা একাডেমিক সুপারভাইজার মো.শারফুল ইসলামের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন-উপজেলা নির্বাহী অফিসার রোজলিন শহীদ চৌধুরী। এসময় বক্তব্য রাখেন, উপজেলা মহিলা ভাইস-চেয়ারম্যান মোছা.শামছুন্নাহার আপেল, সাবেক ভাইস-চেয়ারম্যান জাহানারা খাতুন, উপজেলা কৃষি কর্মকর্তা আবদুল্লাহ আল মামুন, পাকুন্দিয়া আদর্শ মহিলা কলেজের অধ্যক্ষ মো.মোজাম্মেল হক প্রমুখ।
পরে পাঁচজন জয়িতাকে ক্রেস্ট ও সনদপত্র তুলে দেওয়া হয়। তারা হলেন, অর্থনৈতিকভাবে সাফল্য অর্জনকারী উপজেলা চরখামা গ্রামের শাহানা, শিক্ষা ও চাকরি ক্ষেত্রে সাফল্য অর্জনকারী চরকুর্শা গ্রামের ছামিরা বেগম, সফল জননী নারী মাহমুদা জেসমিন, নির্যাতনের বিভীষিকা মুছে ফেলে নতুন উদ্যমে জীবন শুরু করেছেন চিলাকাড়া গ্রামের মদিনা বেগম, সমাজ উন্নয়নে অসামান্য অবদান রেখেছেন ছয়চির গ্রামের রোমা আক্তার।