প্রচন্ড ঠান্ডায় কমলগঞ্জ ও শ্রীমঙ্গলের চা শ্রমিকসহ স্বল্প আয়ের মানুষগুলোর জন্য বিপদ হয়ে দাঁড়িয়েছে। শ্রীমঙ্গল আবহাওয়া অফিস বলছে, চলমান এই শৈত্যপ্রবাহ আগামী আরো কয়েকদিন স্থায়ী হতে পারে।
শ্রীমঙ্গল আবহাওয়া সহকারী মো. মুজিবুর রহমান জানান, শনিবার সকাল ৯টায় তাপমাত্রা রেকর্ড করা হয়েছে ৭.৪ ডিগ্রি সেলসিয়াস। তিনি আরো জানান, উপ-মহাদেশীয় উচ্চ চাপ বলয়ের বর্ধিতাংশটি পশ্চিমবঙ্গ ও তৎসংলগ্ন অঞ্চলে অবস্থান করছে। আর মৌসুমের স্বাভাবিক লঘুচাপ অবস্থান করছে দক্ষিণ বঙ্গোপসাগরে। এই অবস্থায় আগামী আরো ২/৩ দিন পর্যন্ত তাপমাত্রা এরকমই থাকতে পারে।’
কমলগঞ্জ উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মো. মাহবুবুল আলম ভূঁইয়া বলেন, ‘হাসপাতালে চিকিৎসা নিতে যারা আসছে তাদের মাঝে ঠান্ডা জনিত রোগীর সংখ্যা একটু বেশি। এজন্য শিশু ডাক্তার ও প্রয়োজনীয় ঔষুধের পর্যাপ্ত মজুদ রাখা হয়েছে। তবে ঠান্ডা জনিত সমস্যা নিয়ে যারা আসছে তাদের যথাযথ চিকিৎসা সেবা দেওয়া হচ্ছে।’