আগামী ১৫ আগস্ট বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী। দিনটি উপলক্ষে একদিন পর ১৬ আগস্ট দেশব্যাপী দোয়া মাহফিল আয়োজন করেছে বিএনপি।
রোববার রাজধানীর নয়া পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে আয়োজিত সংবাদ সম্মেলনে বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী আহমেদ এ কর্সমসূচি ঘোষণা করেন।
তিনি জানান, বেগম খালেদা জিয়ার ৭৭তম জন্মবার্ষিকী উপলক্ষে তার রোগমুক্তি ও আশু সুস্থতা কামনা করে আগামী ১৬ আগস্ট দেশব্যাপী জেলা, মহানগর, উপজেলা ও থানা পর্যায়ে দোয়া মাহফিল অনুষ্ঠিত হবে। সেই সঙ্গে দেশব্যাপী চলমান গণতান্ত্রিক আন্দোলনে যারা নিহত হয়েছেন, তাদের আত্মার মাগফিরাত ও যারা আহত হয়েছেন তাদের সুস্থতা কামনা করে দোয়া করা হবে।
বিএনপির চেয়ারপারসনের মিডিয়া উইংসূত্র জানিয়েছে, জন্মদিনে বিশেষ কোনো উদযাপন করছেন না খালেদা জিয়া। ২০১৬ সাল থেকে প্রথম প্রহরে কেক কেটে উদযাপনের যে ধারা তৈরি হয়েছিলো, তা তিনি নিজেই বন্ধ করে দেন।
বিএনপি সূত্র থেকে জানা যায়, খালেদা জিয়ার ৭০তম জন্মদিন সিদ্ধান্ত হয় ১৫ আগস্ট তিনি আর কেক কাটবেন না। কেক কাটার পরিবর্তে মিলাদ মাহফিল ও জিয়াউর রহমানের মাজার জিয়ারত করার সিদ্ধান্ত হয়। সেই অনুযায়ী ২০১৬ সালের ১৫ আগস্ট ৭১তম জন্মদিনে কেক না কেটে সকালে জিয়াউর রহমানের মাজার জিয়ারত ও মিলাদ মাহফিল করা হয়। ২০১৮ সাল পর্যন্ত সেই ধারা অব্যাহত ছিল। এরপর গত বছর ২০১৯ সালের ৭৫তম জন্মদিনে ১৫ আগস্টের পরিবর্তে ১৬ আগস্ট জন্মদিন উপলক্ষে মাজার জিয়ারত ও মিলাদ মাহফিলের আয়োজন করা হয়।