কিশোরগঞ্জে পুলিশের সঙ্গে বিএনপি নেতাকর্মীদের সংঘর্ষের ঘটনায় ৭০ জনের বিরুদ্ধে মামলা দায়ের করা হয়েছে।
মঙ্গলবার (০৮ নভেম্বর) দুপুরে কিশোরগঞ্জ মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মাদ দাউদ মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।
এর আগে, সোমবার (০৭ নভেম্বর) দিনগত রাতে পুলিশের ওপর হামলা ও সন্ত্রাস দমন আইনে কিশোরগঞ্জ মডেল থানার উপ-পরিদর্শক (এসআই) অনিক কুমার সাহা বাদী হয়ে ১৯ জনের নাম উল্লেখসহ অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করে মামলাটি দায়ের করেন।
মামলায় নাম উল্লেখিত আসামিরা হলেন, কিশোরগঞ্জ জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন, জেলা বিএনপির সাধারণ সম্পাদক মো. মাজহারুল ইসলাম, যুগ্ম সাধারণ সম্পাদক খালেদ সাইফুল্লাহ সোহেল, বিএনপি নেতা সাইফুল ইসলাম, সাংগঠনিক সম্পাদক মো. ইসরাঈল মিয়া, জেলা যুবদলের সভাপতি খসরুজ্জামান শরীফ, সাধারণ সম্পাদক (ভারপ্রাপ্ত) মো. সাজ্জাদ হোসেন, সাংগঠনিক সম্পাদক তারিকুজ্জামান পার্ণেল, জেলা ছাত্রদলের সভাপতি মারুফ মিয়া, সাধারণ সম্পাদক ফেরদৌস আহমেদ নেভীন, যুগ্ম সাধারণ সম্পাদক রাফিউজ্জামান নৌশাদসহ ১৯ জন। এছাড়াও অজ্ঞাত ৬০-৭০ জনকে আসামি করা হয়েছে।
এদিকে সংঘর্ষের ঘটনায় জেলা স্বেচ্ছাসেবক দলের সাধারণ সম্পাদক আবু নাসের সুমন ও বিএনপি নেতা সাইফুল ইসলামকে আটক করেছে পুলিশ। পরে তাদের উক্ত মামলায় গ্রেফতার দেখানো হয়েছে।