সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় ও বাংলা একাডেমির সমন্বয়ে কিশোরগঞ্জে দুইদিনের জেলা সাহিত্যমেলা-২০২২ উদ্বোধন করা হয়েছে।
আজ বুধবার (২৩ নভেম্বর) কিশোরগঞ্জ জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে এ মেলার আয়োজন করে কিশোরগঞ্জ জেলা প্রশাসন। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে জেলা সাহিত্যমেলা উদ্বোধন করেন সংস্কৃতি বিষয়ক প্রতিমন্ত্রী কে এম খালিদ।
প্রতিমন্ত্রী কে এম খালিদ এসময় বলেন, জেলা পর্যায়ে সাহিত্য-সংস্কৃতিকে বেগবান করার লক্ষ্যে সংস্কৃতি বিষয়ক মন্ত্রণালয়ের পৃষ্ঠপোষকতায় দেশের ৬৪ জেলায় সাহিত্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। এর মধ্যে চলতি নভেম্বর মাসে ৩০টি জেলায় সাহিত্যমেলা অনুষ্ঠিত হচ্ছে। আগামী ডিসেম্বর মাসের মধ্যে বাকি ৩৪টি জেলায় সাহিত্যমেলা হবে।
কিশোরগঞ্জের জেলা প্রশাসক (ডিসি) মোহাম্মদ শামীম আলমের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বক্তব্য দেন-কিশোরগঞ্জ-১ (কিশোরগঞ্জ সদর-হোসেনপুর) আসনের সংসদ সদস্য ডা. সৈয়দা জাকিয়া নূর লিপি, বাংলা একাডেমির সচিব (যুগ্মসচিব) এ. এইচ. এম. লোকমান, পুলিশ সুপার (এসপি) মোহাম্মদ রাসেল শেখ, কিশোরগঞ্জ জেলা পরিষদের চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট মো. জিল্লুর রহমান ও জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা অ্যাডভোকেট এম. এ আফজল।