কিশোরগঞ্জে বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগ পরীক্ষায় স্বাক্ষর ও সীল নকলের অভিযোগে মো. রাজু আহমেদ সজীব নামে (১৯) এক যুবককে আটক করেছে পুলিশ৷ সোমবার ৬ মার্চ দুপুরে তাকে আটক করা হয়। সে হোসেনপুর উপজেলার চর জিনারী গ্রামের সামসু উদ্দিনের ছেলে।
.
পুলিশ জানায়, বাংলাদেশ পুলিশ ট্রেইনি রিক্রুট কনস্টেবল (টিআরসি) পদে নিয়োগের অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলায় ০৪ হতে ০৬ মার্চ শারীরিক সক্ষমতা যাচাই ও কাগজপত্র যাচাই পরীক্ষা অনুষ্ঠিত হয়। এ পরীক্ষাতে প্রার্থী হিসেবে মো: রাজু আহম্মেদ সজিব (১৯) (পিইটি সিরিয়াল নং ১৮১৯১১৬৩২) অংশগ্রহণ করে ৫ মার্চ ২০২৩ খ্রি: -এ অকৃতকার্য হয়। পরবর্তীতে উক্ত প্রার্থী নিয়োগ বোর্ডের সভাপতির (কিশোরগঞ্জ পুলিশ সুপার) ও সদস্যের (নারায়নগঞ্জ অতিরিক্ত পুলিশ সুপার, ট্রাফিক) স্বাক্ষর এবং ‘কৃতকার্য’ ও ‘যোগ্য’ লেখা ০২ টি সীল নকল করে তার এডমিট কার্ডে ব্যবহার করে ৬ মার্চ এর পরীক্ষাতে অংশগ্রহণের জন্য কিশোরগঞ্জ পুলিশ লাইন্সে প্রবেশ করে। পরে সকাল ১০ টা ১০ মিনিটের দিকে নিয়োগ বোর্ডের কাছে এডমিট কার্ড উপস্থাপন করলে সেটিতে ব্যবহৃত স্বাক্ষর ও সীল প্রাথমিকভাবে নকল প্রতীয়মান হওয়ায় বোর্ড সদস্যগন তাকে প্রশ্ন করলে সন্দেহজনক আচরণ করায় তাকে আটক করা হয়।
পরে, বিষয়টি সম্পর্কে কিশোরগঞ্জ মডেল থানায় সংবাদ দিলে এসআই দেলোয়ার সঙ্গীয় অফিসার-ফোর্সসহ পুলিশ লাইন্সে এসে তাকে হেফাজতে নেন। থানা পুলিশের জিজ্ঞাসাবাদে উক্ত প্রার্থী স্বাক্ষর ও সীল নকলের মাধ্যমে প্রতারণার কথা স্বীকার করেন।
পরবর্তীতে তার দেয়া তথ্যের ভিত্তিতে এবং দেখানো মতে পুলিশ লাইন্স সংলগ্ন আমিনুল হক সুজনের বাসার উত্তর পার্শ্বে ফাকা জায়গা হতে ০২টি সীল (‘যোগ্য’ ও ‘কৃতকার্য’) ও ১টি সীল প্যাড উদ্ধার করা হয়। এছাড়াও জালিয়াতি ও প্রতারণার কাজে ব্যবহৃত ১টি মোবাইল ফোন, ভিজিটিং কার্ডসহ অন্যান্য ব্যক্তিগত জিনিস জব্দ করা হয়।
.
এ ঘটনায় কিশোরগঞ্জ মডেল থানার মামলা নং ১২ তারিখ ০৭-০৩-২৩ খ্রি:, ধারা ৪০৬/৪২০/৪৬৮/৪৭১ The Penal Code রুজু করা হয়েছে।