কিশোরগঞ্জের নিকলী উপজেলার সবর্ত্র এখন চালের চেয়ে আলুর দাম বেশি। এক সপ্তাহ ধরে আলুর দাম বেড়ে যায়।
মঙ্গলবার (২ মে) সরজমিনে ঘুরে দেখা যায়, দশ দিনের ব্যবধানে উপজেলার সদর বাজারে প্রতি কেজি আলু ৩০ টাকা থেকে বেড়ে ৪৫ থেকে ৫০ টাকায় বিক্রি হচ্ছে। সদর বাজার ছাড়া প্রত্যন্ত গ্রামাঞ্চলের বাজারগুলোতে বিক্রি হচ্ছে ৫০ থেকে ৫৫ টাকা কেজি। আর মোটা নতুন চাল প্রতি কেজি বিক্রি হচ্ছে ৩৮ থেকে ৪০ টাকা কেজি দরে। আলু বিক্রেতা নেপাল সাহা, সচ্ছ বর্মন, ভুটু মিয়া, শিতল সাহা, ভানু সাহা ও মজলু মিয়া জানান, কিছুসংখ্যক ব্যবসায়ী আলু মজুদ করে কৃত্রিম সংকট করায় আলুর দাম অস্বাভাবিক বেড়ে গেছে।
কোনো কোনো ব্যবসায়ী আলুর ফলন কম বলে মন্তব্য করেন। তারা জানান, এবার ৬৫ থেকে ৭০ টাকার ওপরে আলুর কেজি খেতে হবে। নিকলী উপজেলা কৃষি কর্মকর্তা মোঃ বেলায়েত হোসেন বলেন, হিমাগার সংকটের কারণে কৃষকরা আলু জমি থেকে তোলার পরই বিক্রি করে দেন, এ ছাড়াও কতিপয় ব্যবসায়ীদের সিন্ডিকেটের কারণে আলুর সংকট দেখা দিয়েছে।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মোছাঃ শাকিলা পারভিন বলেন, আলুর দাম বাড়ার বিষয়ে আমরা বাজার গুলোতে মনিটরিং করে প্রয়োজনীয় ব্যবস্থা নিবো।