কিশোরগঞ্জের হোসেনপুর উপজেলার ঐতিহ্যবাহী ‘পুমদী ইসলামিয়া উচ্চ বিদ্যালয়ের’ অসাধু প্রধান শিক্ষক নুরুদ্দিন আহমেদের স্বেচ্ছাচারিতা ও দুর্নীতির বিরুদ্ধে মানববন্ধন করে জরুরি প্রতিকার দাবি করেছেন স্থানীয় অভিভাবক ও এলাকাবাসী।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, গতকাল মঙ্গলবার দুপুরে ওই স্কুল প্রাঙ্গণে অনুষ্ঠিত মানববন্ধনে অংশগ্রহণ করেন বক্তব্য রাখেন এলাকাবাসীর পক্ষে প্রতিনিধিত্বকারি প্রতিবাদী কন্ঠস্বর মোঃ মামুন রশিদ বাপ্পী, মোঃ হুমায়ুন কবির, মোঃ ফরহাদ মিয়া, মোঃ নাঈমুল ইসলাম, শিক্ষার্থীদের মধ্যে মোঃ শাকিব হোসেন , মোঃ মামুন মিয়া, মোঃ ইসহাক ও মোঃ জিসান মিয়া প্রমুখ।
বক্তাদের অভিযোগের মধ্যে রয়েছে মোটা অংকের টাকার বিনিময়ে বিধিবহির্ভূত ভাবে শিক্ষক নিয়োগ, ভুয়া বিল ভাউচারের মাধ্যমে বিপুল পরিমাণ অর্থ আত্মসাত, প্রভাব খাটিয়ে ত্রুটি যুক্ত কাগজপত্রের মাধ্যমে যোগ্য প্রার্থী বাদ দিয়ে নিজে প্রধান শিক্ষকের পদে নিয়োগ লাভ, খেয়াল খুশি মতো স্কুলে আসা যাওয়া করে স্কুলের পরিবেশ ও শৃঙ্খলা নষ্ট করে নিজের ফায়দা হাসিল করা,ফরম পূরণে অতিরিক্ত অর্থ আদায়সহ সুনির্দিষ্ট ১৪টি অভিযোগের বিস্তারিত ফিরিস্তি তুলে ধরে এসব অনিয়ম ও দুর্নীতির জরুরি প্রতিকার দাবি করেছেন। এবং অত্র প্রতিষ্ঠানের সভাপতিও এসব দূর্নীতির সাথে জরিত।
সরেজমিনে তথ্য সংগ্রহকালে স্থানীয় অভিভাবক সহ এলাকাবাসীরা জানান, ওই প্রধান শিক্ষক নুরুদ্দিনের দুর্নীতির কারণে কিছু দিন আগেও বিক্ষুব্ধ জনতা স্কুল প্রাঙ্গণে তার মোটরসাইকেল পুড়িয়ে দেয়।পরে স্থানীয়রা এসে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়।
অভিযুক্ত প্রধান শিক্ষক নুরুদ্দিন আহমেদ জানান, তিনি সব কিছুই বেসরকারি বিদ্যালয়ের জারি করা বিধিমালা অনুযায়ী স্কুল ব্যবস্থাপনা ও পরিচালনা করেছেন। তবে কিছু স্বার্থন্বেষী মহল ঘোলা পানিতে মাছ শিকার করে ফায়দা হাসিলের জন্য তার বিরুদ্ধে অপপ্রচার এবং মিথ্যা অভিযোগ দায়ের করে সুনাম নষ্ট করতে উঠে পড়ে লেগেছেন।
এ ব্যাপারে উপজেলা নিবার্হী কর্মকর্তা অনিন্দ্র মন্ডল জানান, উল্লেখিত অভিযোগে বিষয়ে সুষ্ঠু তদন্ত পূর্বক প্রয়োজনীয় ব্যবস্থা গ্রহণ করা হবে বলেও মন্তব্য করেন তিনি।