বৈষম্য দুর করে সরকারি প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল দশম গ্রেড বাস্তবায়নের দাবিতে মানববন্ধন করেছেন কিশোরগঞ্জ হোসেনপুর উপজেলার শিক্ষকরা। পরে তারা উপজেলা নির্বাহী কর্মকর্তার (ইউএনও) কাছে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন।
বৃহ:স্পতিবার (৩ অক্টোবর) বিকেল সাড়ে ৪টায় উপজেলা পরিষদের সামনে মানববন্ধনের আয়োজন করে বৈষম্য নিরসনে বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সরকারি শিক্ষক সমিতি , হোসেনপুর উপজেলা শাখা।
মানববন্ধনে শিক্ষকরা বলেন, অষ্টম শ্রেণী পাস একজন সরকারি কর্মচারী গাড়ি চালক তারা শিক্ষকদের চেয়ে বেশি বেতন পান। অথচ অনার্স-মাস্টার্স পাস করে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকরা ১৩তম গ্রেডের বেতন পান। এটা চূড়ান্ত অসম্মানজনক। এ বৈষম্য দূর করতে হবে। যেহেতু শিক্ষকরা মানুষ ও জাতি গড়ার কারিগর, সেই কারণে তাদের জীবনমান উন্নয়নেও সরকারকে নজর দিতে হবে। তাই বর্তমান অন্তর্বতী সরকারের কাছে প্রাথমিক সহকারী শিক্ষকদের বেতন স্কেল ১০ম গ্রেডে উন্নীত করার জোর দাবি জানান তারা।
মানববন্ধনে শিক্ষকদের মধ্যে বক্তব্য দেন বাংলাদেশ প্রাথমিক বিদ্যালয় সহকারী শিক্ষক সমিতির হোসেনপুর উপজেলার সভাপতি মাহবুবুর রহমান ফকির, সাধারণ সম্পাদক মোঃ হাদিউল ইসলাম, মনিরুজ্জামান, আমিনুল ইসলাম, মুফাক্কারুল ইসলাম, মহসিন আলম, সুলতানা নাসরিন, দেওয়ান সাইদ আফরিন প্রমুখ।
মানববন্ধন শেষে উপজেলা নির্বাহী কর্মকর্তার মাধ্যমে প্রধান উপদেষ্টা বরাবর স্মারকলিপি দেন শিক্ষকরা।