কিশোরগঞ্জের সদরের নতুন জেল খানা মোড়ের ভাই ভাই হোটেলকে দুই লাখ টাকা জরিমানা করেছেন বিশুদ্ধ খাদ্য আদালত।
শনিবার (২৬ এপ্রিল) বিকালে এ জরিমানা করেন বিশুদ্ধ খাদ্য আদালতের বিচারক সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
আদালত সূত্রে জানা যায়, অস্বাস্থ্যকর পরিবেশ ছাড়াও হোটেলটির ফ্রিজে পচা মাংস পাওয়া যায়। অস্বাস্থ্যকর পরিবেশ ও ফ্রিজে পচা মাংস সংরক্ষণের অপরাধে সংক্ষিপ্ত বিচারিক প্রক্রিয়ার (সামারি ট্রায়াল) মাধ্যমে বিশুদ্ধ খাদ্য আদালত পরিচালনা করেন সিনিয়র জুডিসিয়াল ম্যাজিস্ট্রেট আরিফুল ইসলাম।
এছাড়াও অস্বাস্থ্যকর পরিবেশে খাদ্য উৎপাদন ও অন্যান্য অপরাধে রশিদাবাদ ইউনিয়নের নিউ ঢাকা ফুড প্রোডাক্টস ও কিশোর ফুড প্রোডাক্টস বেকারিকে এক লাখ টাকা করে দুই লাখ টাকা জরিমানা ককরা হয়েছে।
এসময় আরও কয়েকটি হোটেল ও বেকারিতে অভিযান পরিচালনা করে মেয়াদোত্তীর্ণ খাদ্যদ্রব্য জব্দ ও ধ্বংস করা হয়।
অভিযানে নিরাপদ খাদ্য অফিসার মো. আশরাফুল ইসলাম তালুকদার, জেলা স্যানিটারি ইন্সপেক্টর শংকর চন্দ্র পাল, জেলা পুলিশ, কিশোরগঞ্জ র্যাব ও আনসার ব্যাটালিয়নের সদস্যরা উপস্থিত ছিলেন।