সর্বশেষ ২৪ ঘণ্টায় ডেঙ্গু জ্বরে আক্রান্ত হয়ে দেশের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ৩৯৪ জন, যার মধ্যে একাই বরগুনা জেলায় আক্রান্ত ৯৩ জন। অর্থাৎ দেশের মোট আক্রান্তের প্রায় ২৫ শতাংশই এই একটি জেলায়। বরিশাল বিভাগের বিভিন্ন হাসপাতালে ভর্তি হয়েছেন ১৫৭ জন রোগী। ঢাকা শহরে নতুন ভর্তি ৯২ জন।
স্বাস্থ্য অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গতকাল সোমবার সকাল ৮টা থেকে আজ মঙ্গলবার সকাল ৮টা পর্যন্ত সময়ে এই হিসাব নেওয়া হয়। তবে এ সময় কোনো মৃত্যু হয়নি। চলতি বছরে এখন পর্যন্ত ডেঙ্গুতে ৩৪ জনের মৃত্যু হয়েছে। এবার ঢাকার তুলনায় বরিশাল বিভাগ, বিশেষ করে বরগুনা জেলায় আক্রান্তের সংখ্যা তুলনামূলক বেশি।
সরকারি প্রতিষ্ঠান আইইডিসিআরের পরিচালিত সর্বশেষ জরিপ বলছে, বরগুনা পৌরসভার ৩১ শতাংশ বাড়িতে এবং গৌরিচন্না ইউনিয়নের ৭৬ শতাংশ বাড়িতে এডিস মশার লার্ভা পাওয়া গেছে। পৌর শহরের দুটি ওয়ার্ডে প্রতি ১০ বাড়ির মধ্যে ৮টিতে লার্ভা আছে। সংক্রমণের এ হার বিশ্ব স্বাস্থ্য সংস্থার নির্ধারিত সীমার আট গুণ বেশি, যা এলাকাটিকে ‘উচ্চ ঝুঁকিপূর্ণ’ হিসেবে চিহ্নিত করেছে।
গত বছরও বরগুনায় ডেঙ্গুর ভয়াবহ প্রকোপ দেখা যায়। ঢাকার দুই সিটি করপোরেশনের বাইরে বরগুনা ছিল দেশের চতুর্থ সর্বোচ্চ সংক্রমিত জেলা, যেখানে ২০২৪ সালে আক্রান্ত হয়েছিল ২ হাজার ৪৩৪ জন। বরিশাল বিভাগে এটিই ছিল সর্বোচ্চ।