আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ভারতে রপ্তানি হলো প্রথম চালানের ৩৭ দশমিক ৪৬ মেট্রিকটন ইলিশ।
মঙ্গলবার (১৬ সেপ্টেম্বর) রাত ১২টার দিকে যশোরের বেনাপোল স্থলবন্দর দিয়ে সাতটি ট্রাকে করে এ চালান ভারতের পশ্চিমবঙ্গের পেট্রাপোল বন্দরে পাঠানো হয়। বিষয়টি নিশ্চিত করেছেন বেনাপোল বন্দরের পরিচালক মো. শমীম হোসেন।
বন্দরের নির্ভরযোগ্য সূত্র জানায়, কলকাতার পাঁচটি আমদানিকারক প্রতিষ্ঠান—ন্যাশনাল ট্রেডিং, এফএনএস ফিশ, জয় শান্তসী, মা ইন্টারন্যাশনাল ও আর জে ইন্টারন্যাশনাল—এ চালান আমদানি করেছে। অন্যদিকে বাংলাদেশ থেকে রপ্তানি করেছে সততা ফিশ, স্বর্ণালী এন্টারপ্রাইজ, তানিশা এন্টারপ্রাইজ, বিশ্বাস এন্টারপ্রাইজ ও লাকি ট্রেডিং।
দুর্গাপূজা উপলক্ষে এবছর বাংলাদেশ সরকার মোট ১,২০০ মেট্রিকটন ইলিশ রপ্তানির অনুমতি দিয়েছে। বাণিজ্য মন্ত্রণালয়ের অনুমোদন অনুযায়ী ৩৭টি প্রতিষ্ঠান এ রপ্তানি কার্যক্রমে অংশ নেবে। এর মধ্যে ১টি প্রতিষ্ঠানকে অনুমতি দেওয়া হয়েছে ৫০ টন, ২৫টি প্রতিষ্ঠানকে ৩০ টন করে মোট ৭৫০ টন, ৯টি প্রতিষ্ঠানকে ৪০ টন করে মোট ৩৬০ টন এবং ২টি প্রতিষ্ঠানকে ২০ টন করে মোট ৪০ টন ইলিশ রপ্তানির অনুমতি দেওয়া হয়েছে।
বেনাপোল ফিশারিজ কোয়ারেন্টিন অফিসার সজীব সাহা জানান, বাণিজ্য মন্ত্রণালয়ের নির্দেশনা অনুযায়ী প্রতিকেজি ইলিশের রপ্তানিমূল্য নির্ধারণ করা হয়েছে ১২ দশমিক ৫ মার্কিন ডলার। আগামী ৫ অক্টোবরের মধ্যে এ রপ্তানি কার্যক্রম সম্পন্ন করতে হবে।
ভারতে বাঙালির সবচেয়ে বড় ধর্মীয় উৎসব দুর্গাপূজা উপলক্ষে প্রতিবছরই বাংলাদেশ সরকার বিশেষ অনুমতিতে ইলিশ রপ্তানির ব্যবস্থা করে থাকে। পূর্ববর্তী বছরের মতো এবারও সেই ধারা অব্যাহত রয়েছে।