কিশোরগঞ্জে শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠায় কার্যকর পদক্ষেপ গ্রহণের অঙ্গীকার ব্যক্ত করেছেন দুর্নীতিবিরোধী সামাজিক সংগঠনের সদস্যরা। ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)-এর অনুপ্রেরণায় গঠিত সচেতন নাগরিক কমিটি (সনাক), ইয়ুথ এনগেজমেন্ট অ্যান্ড সাপোর্ট (ইয়েস) এবং অ্যাকটিভ সিটিজেনস গ্রুপ (এসিজি)-এর যৌথ উদ্যোগে মঙ্গলবার (২১ অক্টোবর) সকালে শহরের স্বপ্ন কানন কমিউনিটি অ্যান্ড কনভেনশন সেন্টারে এ অভিজ্ঞতা বিনিময় সভা অনুষ্ঠিত হয়।
সনাক সভাপতি স্বপন কুমার বর্মন এর সভাপতিত্বে এতে প্রধান আলোচক হিসেবে উপস্থিত ছিলেন টিআইবি’র ঢাকা ক্লাস্টারের ক্লাস্টার কো-অর্ডিনেটর মো. মাহান উল হক। এসময় সনাক, ইয়েস ও এসিজি’র শতাধিক সদস্য সভায় অংশ নেন।
প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, দুর্নীতিবিরোধী আন্দোলন টেকসই করতে হলে সেবাখাতে শুদ্ধাচার চর্চা ও জবাবদিহিতা নিশ্চিত করা জরুরি।
এ সময় আরও বক্তব্য রাখেন সনাক সহ-সভাপতি অ্যাডভোকেট হামিদা বেগম, অ্যাডভোকেট আবুল কাসেম, সদস্য প্রফেসর আবদুল গণি, সাইফুল হক মোল্লা দুলু, আতিয়া রহমান, ফিরোজ উদ্দিন ভূঁইয়া, ইশরাত জাহান মিমি, মানস কর এবং শেখ মোহাম্মদ প্রমুখ।
তারা বলেন, সেবাখাতের মানোন্নয়নে নাগরিক সম্পৃক্ততা বৃদ্ধি করতে হবে এবং প্রাতিষ্ঠানিক সিদ্ধান্ত গ্রহণ প্রক্রিয়ায় সাধারণ মানুষের মতামতকে গুরুত্ব দিতে হবে।
মুক্ত আলোচনায় ইয়েস ও এসিজি সদস্যদের মধ্যে শুভ সরকার, এনামুল হক, বৃষ্টি রানী বর্মন ও মাহফুজা জাহান মুন্নী তাঁদের অভিজ্ঞতা ও মতামত তুলে ধরেন।
অনুষ্ঠান সঞ্চালনা করেন সনাক সদস্য মো. আবু সেলিম। উদ্বোধনী বক্তব্য রাখেন রৌশন আরা লুৎফুন্নাহার। কর্মসূচির শেষ পর্যায়ে সনাক সদস্য হুমায়ুন কবীর উপস্থিত সবাইকে দুর্নীতিবিরোধী শপথ পাঠ করান।
আলোচনা শেষে অংশগ্রহণকারীরা কিশোরগঞ্জে দুর্নীতি প্রতিরোধ, শুদ্ধাচার ও সুশাসন প্রতিষ্ঠায় সম্মিলিতভাবে কাজ করার অঙ্গীকার করেন।