বৃহস্পতিবার, ২৭ অগাস্ট ২০২৬, ১১:৪০ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।

১৭ বছর পর দখলমুক্ত নিকলীর আঠারবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ

দিলীপ কুমার সাহা
  • আপডেট সময় বৃহস্পতিবার, ২২ জানুয়ারী, ২০২৬
  • ১৪৫ বার পড়া হয়েছে
১৭ বছর পর দখলমুক্ত নিকলীর আঠারবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ

দীর্ঘ ১৭ বছর পর অবশেষে দখলমুক্ত হলো কিশোরগঞ্জের নিকলী উপজেলার জারইতলা ইউনিয়নের আঠারবাড়ীয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠ। এর ফলে বিদ্যালয়ের শিক্ষার্থীরা ফিরে পেল পড়াশোনার সুষ্ঠু ও নিরাপদ পরিবেশ।

দীর্ঘ দেড় দশকেরও বেশি সময় ধরে প্রতি সপ্তাহের বুধবার দুপুর থেকে সন্ধ্যা পর্যন্ত ওই বিদ্যালয়ের মাঠে গরুর হাট বসানো হতো। হাটের কারণে তীব্র শব্দ, নোংরা পরিবেশ ও ক্রেতা-বিক্রেতাদের ভিড়ে শিক্ষার্থীরা নিয়মিত ক্লাসে অংশ নিতে পারত না। অঘোষিতভাবে বুধবার দিনটিতে বিদ্যালয়ের পাঠদান কার্যক্রম বন্ধ থাকত।

এ নিয়ে বিভিন্ন জাতীয় পত্রিকায় একাধিকবার সংবাদ প্রকাশিত হলেও দীর্ঘদিন কোনো কার্যকর ব্যবস্থা নেওয়া হয়নি। সর্বশেষ ২০২৫ সালে আলী জমশেদ নামে এক ব্যক্তি প্রায় ৩ কোটি ৭১ লাখ টাকায় ওই গরুর হাটের ইজারা নেন। এলাকায় প্রভাবশালী হওয়ায় তার বিরুদ্ধে এতদিন কেউ মুখ খোলার সাহস পাননি। ফলে চরমভাবে ব্যাহত হচ্ছিল কোমলমতি শিশুদের শিক্ষাজীবন।

অবশেষে বুধবার (২১ জানুয়ারি) দুপুরে বিদ্যালয় মাঠে হাট বসানোর প্রস্তুতি চলাকালে যৌথ বাহিনী আকস্মিক অভিযান পরিচালনা করে। অভিযানে বিদ্যালয়ের মাঠ থেকে ব্যবসায়ীদের সরিয়ে দেওয়া হয় এবং ভবিষ্যতে সেখানে কোনো হাট না বসানোর জন্য কঠোর নির্দেশনা দেওয়া হয়।

১৭ বছর পর বিদ্যালয়ের মাঠ থেকে গরুর হাট উচ্ছেদ হওয়ায় স্বস্তি ও উচ্ছ্বাস প্রকাশ করেছেন বিদ্যালয়ের শিক্ষক, শিক্ষার্থী ও অভিভাবকরা।

অভিযান শেষে নিকলী উপজেলার সহকারী কমিশনার (ভূমি) প্রতীক দত্ত জানান, একটি শিক্ষা প্রতিষ্ঠানের মাঠ দখল করে গরুর হাট বসানো সম্পূর্ণ অবৈধ। দীর্ঘ ১৭ বছর ধরে এখানে শিক্ষার পরিবেশ মারাত্মকভাবে ব্যাহত হচ্ছিল। বিভিন্ন জাতীয় পত্রিকায় সংবাদ প্রকাশের পর বিষয়টি আমাদের নজরে আসে। এরপর যৌথ বাহিনীর সহায়তায় বুধবার (২১ জানুয়ারি) বিদ্যালয়ের মাঠটি সম্পূর্ণ দখলমুক্ত করা হয়েছে।

তিনি আরও জানান, অভিযান পরিচালনার সময় গরুর হাটের মূল ইজারাদার আলী জমশেদকে পাওয়া যায়নি। তবে হাট সংশ্লিষ্ট আনোয়ার উদ্দিন নামে এক ব্যক্তিকে হাতেনাতে আটক করে ৫ লাখ টাকা জরিমানা করা হয়েছে।

এ বিষয়ে গরুর হাটের মূল ইজারাদার আলী জমশেদের মোবাইল নম্বরে (০১৭১১-৫১১১৯) একাধিকবার যোগাযোগের চেষ্টা করা হলেও তাকে পাওয়া যায়নি।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com