কিশোরগঞ্জ-৩ (করিমগঞ্জ-তাড়াইল) আসনে জামায়াতে ইসলামী ও ১১ দল মনোনীত প্রার্থী প্রফেসর ডাঃ কর্নেল জেহাদ খান-এর নির্বাচনী ব্যানার ভাঙচুর ও ছিঁড়ে নেওয়ার অভিযোগ উঠেছে বিএনপির কয়েকজন নেতা-কর্মীর বিরুদ্ধে। এ ঘটনায় তিনি তাড়াইল উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) তানজিলা আখতার বরাবর একটি লিখিত অভিযোগ দায়ের করেছেন।
অভিযোগে উল্লেখ করা হয়, গত ০২ ফেব্রুয়ারি সন্ধ্যা আনুমানিক ৭টার দিকে তাড়াইল উপজেলার ২নং রাউতি ইউনিয়নের পুরুড়া পুরাতন বাজার এলাকায় টাঙানো তার নির্বাচনী ব্যানার একটি মিছিল নিয়ে এসে ভাঙচুর করা হয় এবং ব্যানার ছিঁড়ে নিয়ে যাওয়া হয়।
স্থানীয় সূত্র ও প্রত্যক্ষদর্শীদের তথ্যমতে উক্ত ঘটনার নেতৃত্ব দেন মাহবুব আলম (সাধারণ সম্পাদক, ২নং রাউতি ইউনিয়ন বিএনপি), দুলাল (ভারপ্রাপ্ত সভাপতি, ২নং রাউতি ইউনিয়ন বিএনপি) এবং খসরু ভূইয়া (তাড়াইল উপজেলা বিএনপি)।
.
লিখিত অভিযোগে প্রফেসর ডাঃ কর্নেল জেহাদ খান বলেন, এ ধরনের হামলা ও ভাঙচুর প্রকাশ্যভাবে নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করছে, যা শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ বিনষ্টের পাশাপাশি সাধারণ ভোটারদের মধ্যে আতঙ্ক সৃষ্টি করছে। তিনি দ্রুত ঘটনার তদন্ত করে দোষীদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণ, ভবিষ্যতে শান্তিপূর্ণ নির্বাচনী পরিবেশ নিশ্চিত করতে প্রয়োজনীয় প্রশাসনিক ও নিরাপত্তা ব্যবস্থা গ্রহণ এবং সকল প্রার্থীর জন্য সমান সুযোগ ও নির্বিঘ্ন প্রচারণা নিশ্চিত করতে সংশ্লিষ্টদের প্রয়োজনীয় নির্দেশনা প্রদানের দাবি জানান।
.
অভিযোগের অনুলিপি রিটার্নিং অফিসার ও জেলা প্রশাসক এবং জেলা নির্বাচনী কর্মকর্তার কাছেও পাঠানো হয়েছে বলে জানা গেছে।