বর্ষা মৌসুমে কিশোরগঞ্জের নিকলী হাওরে প্রতিদিনই ভিড় করছেন হাজারো পর্যটক। তবে প্রাকৃতিক সৌন্দর্যের পাশাপাশি অব্যবস্থাপনা, ট্রলারের অতিরিক্ত ভাড়া, পণ্যের বাড়তি দাম, পরিচ্ছন্নতার অভাব ও নিরাপত্তা নিয়ে অসন্তোষ প্রকাশ করেছেন ভ্রমণকারীরা।
পর্যটকদের অভিযোগ, নির্ধারিত ভাড়ার তালিকা না থাকায় ট্রলারচালকেরা ইচ্ছেমতো ভাড়া নিচ্ছেন। একই সঙ্গে সাধারণ পানিসহ বিভিন্ন পণ্যও অতিরিক্ত দামে বিক্রি করা হচ্ছে।
নরসিংদী থেকে আসা পর্যটক মনির হোসেন বলেন, নিকলী হাওরের সৌন্দর্যের কথা শুনে বন্ধুদের নিয়ে ঘুরতে এসেছিলেন। কিন্তু এখানে এসে দেখেন দুই লিটারের সাধারণ পানির বোতল ৪৫ টাকায় বিক্রি হচ্ছে, যার বাজারমূল্য সর্বোচ্চ ৪০ টাকা। কোনো দোকানেই মূল্যতালিকা নেই। তার ভাষায়, এ ধরনের অনিয়ম চলতে থাকলে পর্যটকদের আগ্রহ কমে যাবে।
স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা যায়, শুক্রবার ও শনিবার ট্রলারের ভাড়া অন্যান্য দিনের তুলনায় বেশি নেওয়া হয়। পর্যটকের চাপ বাড়লে ভাড়াও বেড়ে যায়।
নিকলীর মোহরকোনা এলাকার ট্রলারচালক লোকমান মিয়া জানান, শুক্রবার ও শনিবার নিকলী বেড়িবাঁধ থেকে মিঠামইন যেতে ট্রলার ভাড়া প্রায় ৭ হাজার টাকা এবং ছাতিরচর যেতে ৩ হাজার টাকা নেওয়া হয়। অন্য দিন একই রুটে যথাক্রমে প্রায় ৩ হাজার ও ১ হাজার ২০০ টাকা ভাড়া নেওয়া হয়। তিনি বলেন, এবার উপজেলা প্রশাসন থেকে কোনো ভাড়া নির্ধারণ করা হয়নি এবং মাঝিদের সমিতিও কার্যকর নেই।
ঢাকা থেকে আসা পর্যটক জোবায়েদ আহমেদ বলেন, ট্রলার ভাড়ার কোনো নির্দিষ্ট তালিকা নেই। একেক মাঝি একেক রকম ভাড়া দাবি করছেন। এছাড়া হাওরের মাছ খাওয়ার ইচ্ছা নিয়ে হোটেলে গেলেও খাবারের দাম সাধারণ মানুষের নাগালের বাইরে। পর্যটন এলাকা সচল রাখতে ট্রলার ভাড়া ও খাবারের মূল্য নির্ধারণ করা প্রয়োজন।
অতিরিক্ত দামের বিষয়ে স্থানীয় দোকানি ওসমান বলেন, জিনিসপত্রের দাম বেড়েছে। নৌকা তৈরি ও পরিচালনায় বড় অঙ্কের বিনিয়োগ, জ্বালানি তেলের মূল্য বৃদ্ধি এবং ফ্রিজে পানি ঠান্ডা রাখার খরচ থাকায় কিছুটা বেশি দামে বিক্রি করতে হচ্ছে।
ঢাকার পর্যটক সাথী আক্তার বলেন, হাওরের প্রাকৃতিক পরিবেশ দারুণ হলেও রক্ষণাবেক্ষণের অভাব স্পষ্ট। বেড়িবাঁধ এলাকায় ময়লা-আবর্জনা ছড়িয়ে রয়েছে। পর্যাপ্ত ডাস্টবিন, নারী পর্যটকদের জন্য মানসম্মত ওয়াশরুম ও বিশ্রামাগারেরও অভাব রয়েছে।
সরেজমিনে দেখা যায়, নিকলী বেড়িবাঁধ এলাকার বিভিন্ন স্থানে প্লাস্টিকের বোতল, চিপসের প্যাকেটসহ বিভিন্ন ধরনের বর্জ্য পড়ে আছে। এতে পর্যটন এলাকার সৌন্দর্য নষ্ট হচ্ছে।
স্থানীয়দের অভিযোগ, আগে হাওরের বিভিন্ন স্থানে গভীর পানিতে নামা, লাইফ জ্যাকেট ব্যবহার ও নিরাপদ ভ্রমণসংক্রান্ত সতর্কবার্তাসহ সাইনবোর্ড ছিল। বর্তমানে সেগুলোর অধিকাংশই নেই। এছাড়া ছুটির দিনেও পর্যটন এলাকায় পুলিশের দৃশ্যমান টহল না থাকায় নিরাপত্তা নিয়েও উদ্বেগ রয়েছে।
২০০০ সালের দিকে বর্ষার ঢেউ ও ভাঙন থেকে নিকলী সদরকে রক্ষা করতে প্রায় পাঁচ কিলোমিটার দীর্ঘ বেড়িবাঁধ নির্মাণ করা হয়। একই সময়ে ছাতিরচর এলাকায় ভাঙন প্রতিরোধে করচগাছ রোপণ করা হয়। পরবর্তীতে এই বেড়িবাঁধ, করচবন এবং বিস্তীর্ণ জলরাশি নিকলী হাওরকে দেশের অন্যতম জনপ্রিয় পর্যটন গন্তব্যে পরিণত করে।
স্থানীয় সচেতন মহল ও পর্যটকদের মতে, সঠিক পরিকল্পনা ও কার্যকর ব্যবস্থাপনার অভাবই বর্তমান সংকটের মূল কারণ। তারা ট্রলার ভাড়া নির্ধারণ, নিয়মিত বাজার তদারকি, পরিচ্ছন্নতা নিশ্চিত, সতর্কতামূলক সাইনবোর্ড স্থাপন এবং নিরাপত্তা জোরদারের দাবি জানিয়েছেন।
এ বিষয়ে নিকলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মাহবুবুর রহমান বলেন, পর্যটকদের নিরাপত্তা নিশ্চিত করতে পুলিশ প্রশাসন তৎপর রয়েছে। নির্দিষ্ট পয়েন্টগুলোতে নজরদারি আরও বাড়ানো হবে।
ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর, কিশোরগঞ্জ কার্যালয়ের সহকারী পরিচালক মো. শফিকুল ইসলাম বলেন, গত সপ্তাহেও ট্রলারঘাট ও রেস্টুরেন্ট পরিদর্শন করা হয়েছে। অতিরিক্ত ভাড়া বা পণ্যের মূল্য নিয়ে অভিযোগ পেলে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।
পানি উন্নয়ন বোর্ড, কিশোরগঞ্জ কার্যালয়ের নির্বাহী প্রকৌশলী মো. সাজ্জাদ হোসেন বলেন, জলবায়ু পরিবর্তনের প্রভাবে এবার বৃষ্টিপাত তুলনামূলক কম হওয়ায় ভরা বর্ষাতেও হাওরের পানির পরিমাণ স্বাভাবিকের চেয়ে কম রয়েছে। তবে বর্তমানে পানি ধীরে ধীরে বাড়ছে।
নিকলী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) রেহেনা মুজুমদার মুক্তি বলেন, পর্যটকরা যাতে নিরাপদ ও নির্বিঘ্ন পরিবেশে হাওর ভ্রমণ করতে পারেন, সে জন্য প্রশাসন কাজ করছে। পর্যটনসেবার মান উন্নয়নকে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। যেকোনো অনিয়ম বা সিন্ডিকেটের বিরুদ্ধে দ্রুত আইনগত ব্যবস্থা নেওয়া হবে।