কিশোরগঞ্জ সদর উপজেলায় উৎসবমুখর পরিবেশে অনূর্ধ্ব-১৪ বালক-বালিকাদের হ্যান্ডবল প্রতিযোগিতা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার (৩ নভেম্বর) সকাল ১১টায় কিশোরগঞ্জ পুরাতন স্টেডিয়ামে প্রতিযোগিতার উদ্বোধন করেন জেলা ক্রীড়া কর্মকর্তা মাহমুদা আক্তার। বিকেল ৫টায় প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুল হাসান মারুফ।
এ সময় আরও উপস্থিত ছিলেন কিশোরগঞ্জ ক্রীড়া সংস্থার সদস্য মো. আতিকুর রহমান, ক্রীড়া প্রশিক্ষক ও হ্যান্ডবল রেফারি এম. আব্দুল্লাহ, রিপেল হাসান এবং অংশগ্রহণকারী ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের শিক্ষক প্রতিনিধিরা।

প্রতিযোগিতায় ছয়টি শিক্ষাপ্রতিষ্ঠানের মোট ১২টি দল অংশগ্রহণ করে। প্রতিষ্ঠানগুলো হলো কিশোরগঞ্জ উচ্চ বালিকা বিদ্যালয়, আরজত আতরজান উচ্চ বিদ্যালয়, কিশোরগঞ্জ টেক্সটাইল মিলস আদর্শ উচ্চ বিদ্যালয়, তাজমল খান উচ্চ বিদ্যালয়, উমেদ আলী উচ্চ বিদ্যালয় ও আজিম উদ্দিন উচ্চ বিদ্যালয়।
প্রতিযোগিতা শেষে বালিকা বিভাগে তাজমল খান উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং আরজত আতরজান উচ্চ বিদ্যালয় রানারআপ হওয়ার গৌরব অর্জন করে। অন্যদিকে বালক বিভাগে উমেদ আলী উচ্চ বিদ্যালয় চ্যাম্পিয়ন এবং তাজমল খান উচ্চ বিদ্যালয় রানারআপ হয়।
প্রতিযোগিতায় অংশগ্রহণকারী সব খেলোয়াড়কে জার্সি প্রদান করা হয়। পরে বিজয়ী দলগুলোর হাতে পুরস্কার তুলে দেন অতিথিরা।
উল্লেখ্য, ক্রীড়া পরিদপ্তরের বার্ষিক ক্রীড়া কর্মসূচি ২০২৬-২৭-এর অংশ হিসেবে কিশোরগঞ্জ জেলা ক্রীড়া অফিস এ প্রতিযোগিতার আয়োজন করে। প্রতিযোগিতার সবগুলো ম্যাচ পরিচালনা করেন ক্রীড়া প্রশিক্ষক এম. আব্দুল্লাহ ও আর. হাসান রিপেল।