শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০২:১২ পূর্বাহ্ন
নোটিশ :
আমাদের নিউজ সাইটে খবর প্রকাশের জন্য আপনার লিখা (তথ্য, ছবি ও ভিডিও) মেইল করুন onenewsdesk@gmail.com এই মেইলে।
সর্বশেষ খবর :
শেখ হাসিনাকে প্রত্যর্পণের অনুরোধ খতিয়ে দেখা হচ্ছে: জয়সোয়াল ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই কিশোরগঞ্জে কুকুরের খাওয়া অবশিষ্ট বিস্কুট খেয়ে অসুস্থ, শিশুর মৃত্যু নিকলী হাওরে পর্যটক বাড়লেও অব্যবস্থাপনা, অতিরিক্ত ভাড়া ও মূল্য নিয়ে ক্ষোভ মিঠামইনে বিএনপি নেতা এসএম জাহাঙ্গীর আলমের জানাজায় লক্ষাধিক মানুষের ঢল সরকারি কর্মকর্তাদের গাড়ি খরচ কমছে না, বহাল ৫০ হাজার টাকা জুলাই শহিদ দিবসে টাঙ্গাইলে শহিদদের প্রতি শ্রদ্ধা নিবেদন জুলাই শহিদদের আত্মত্যাগের চেতনায় তাড়াইলে শহিদ জুলাই দিবস-২০২৬ এর আলোচনা সভা কিশোরগঞ্জে রেমিট্যান্স যোদ্ধাদের সংবর্ধনা ও ক্রেস্ট প্রদান রাষ্ট্রীয় মর্যাদায় দাফন সম্পন্ন হলো বীর মুক্তিযোদ্ধা মো. সিরাজুল ইসলামের

ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

স্পোর্টস ডেস্ক
  • আপডেট সময় শুক্রবার, ১৭ জুলাই, ২০২৬
  • ২৬ বার পড়া হয়েছে
ক্যারিবিয়ান কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই

ক্রিকেট ইতিহাসের অন্যতম সেরা অলরাউন্ডার এবং ওয়েস্ট ইন্ডিজের কিংবদন্তি ক্রিকেটার স্যার গ্যারি সোবার্স আর নেই। ৮৯ বছর বয়সে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। তার মৃত্যুতে বিশ্ব ক্রিকেটে নেমে এসেছে গভীর শোকের ছায়া।

ব্যাটিং, বোলিং ও ফিল্ডিং ক্রিকেটের তিন বিভাগেই অসাধারণ দক্ষতার জন্য স্যার গ্যারি সোবার্সকে সর্বকালের সেরা অলরাউন্ডারদের একজন হিসেবে বিবেচনা করা হয়। প্রয়াত কিংবদন্তি ধারাভাষ্যকার ও সাবেক অস্ট্রেলিয়ান অধিনায়ক রিচি বেনো একবার তাকে আখ্যায়িত করেছিলেন, “বিশ্ব ক্রিকেটে দেখা সর্বকালের সেরা অলরাউন্ডার” হিসেবে। বেনোর মতে, সোবার্স ছিলেন দুর্দান্ত ব্যাটসম্যান, অসাধারণ ফিল্ডার এবং এমন একজন বোলার, যিনি নতুন বল, বাঁহাতি স্পিন ও রিস্ট স্পিন সব ধরনের বোলিংয়েই সমান কার্যকর ছিলেন।

১৯৩৬ সালে বার্বাডোসে জন্ম নেওয়া সোবার্স মাত্র ১৬ বছর বয়সে প্রথম-শ্রেণির ক্রিকেটে অভিষেক করেন। ১৯৫৩ সালে বার্বাডোসের হয়ে প্রথম-শ্রেণির ক্রিকেটে খেলার পর অল্প সময়ের মধ্যেই জায়গা করে নেন ওয়েস্ট ইন্ডিজ দলে। ১৯৫৪ সালে টেস্ট অভিষেকের মাধ্যমে আন্তর্জাতিক ক্রিকেটে তার পথচলা শুরু হয়।

১৯৫৮ সালে পাকিস্তানের বিপক্ষে কিংস্টনে খেলেন ক্যারিয়ারের অন্যতম স্মরণীয় ইনিংস। সেই ম্যাচে অপরাজিত ৩৬৫ রান করে তিনি এক ইনিংসে সর্বোচ্চ ব্যক্তিগত রানের বিশ্বরেকর্ড গড়েন। তার এই রেকর্ড টিকে ছিল দীর্ঘ ৩৬ বছর। ১৯৯৪ সালে আরেক ওয়েস্ট ইন্ডিয়ান কিংবদন্তি ব্রায়ান লারা ৩৭৫ রান করে সেই রেকর্ড ভাঙেন।

স্যার গ্যারি সোবার্সের ক্যারিয়ারের আরেকটি অবিস্মরণীয় কীর্তি আসে ১৯৬৮ সালে। ইংল্যান্ডের সোয়ানসিতে গ্ল্যামরগানের সেন্ট হেলেন্স মাঠে প্রথম-শ্রেণির ক্রিকেটে এক ওভারের ছয়টি বলেই ছয়টি ছক্কা হাঁকিয়ে ইতিহাস গড়েন তিনি। ক্রিকেটে স্বীকৃতভাবে ছয় বলে ছয় ছক্কার প্রথম কীর্তি হিসেবে ঘটনাটি আজও স্মরণীয়।

প্রায় দুই দশকের আন্তর্জাতিক ক্যারিয়ারে ওয়েস্ট ইন্ডিজের হয়ে ৯৩টি টেস্ট ম্যাচ খেলেন সোবার্স। ৫৭.৭৮ গড়ে করেন ৮,০৩২ রান এবং বল হাতে শিকার করেন ২৩৫টি উইকেট। ৫ হাজারের বেশি টেস্ট রান করা ব্যাটারদের মধ্যে তার ব্যাটিং গড় এখনো ইতিহাসের অন্যতম সেরা।

প্রথম-শ্রেণির ক্রিকেটেও তিনি ছিলেন সমান উজ্জ্বল। ৩৮৩ ম্যাচে ২৮ হাজারের বেশি রান করার পাশাপাশি নিয়েছেন এক হাজারেরও বেশি উইকেট। ক্যারিয়ারের শেষ দিকে সাউথ অস্ট্রেলিয়া ও নটিংহ্যামশায়ারের হয়েও খেলেছেন এই কিংবদন্তি।

১৯৭৪ সালে মাত্র ৩৮ বছর বয়সে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন সোবার্স। পরবর্তীতে উইজডেন জানায়, দীর্ঘদিনের শারীরিক ও মানসিক ক্লান্তি, হাঁটুর চোট এবং টানা ক্রিকেট ও ভ্রমণের চাপই তার অবসরের অন্যতম কারণ ছিল।

ক্রিকেটে অসামান্য অবদানের স্বীকৃতিস্বরূপ ১৯৭৫ সালে ব্রিটিশ রাজপরিবার তাকে নাইট উপাধিতে ভূষিত করে। এরপর থেকেই তিনি পরিচিত হন ‘স্যার গ্যারি সোবার্স’ নামে।

তার মৃত্যুতে শুধু ওয়েস্ট ইন্ডিজ নয়, বিশ্ব ক্রিকেট হারাল এমন এক কিংবদন্তিকে, যার কীর্তি, পরিসংখ্যান এবং প্রভাব প্রজন্মের পর প্রজন্ম ধরে ক্রিকেটপ্রেমীদের অনুপ্রাণিত করে যাবে। ক্রিকেট ইতিহাসে স্যার গ্যারি সোবার্সের নাম চিরকাল শ্রদ্ধার সঙ্গে স্মরণ করা হবে।

Tahmina Dental Care

নিউজটি শেয়ার করুন

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *

এই বিভাগের আরো খবর

© All rights reserved © 2026 Onenews24bd.Com
Theme Dwonload From ThemesBazar.Com