শিক্ষার মানোন্নয়ন ও শ্রেণিকক্ষে আরও কার্যকর পাঠদান নিশ্চিত করতে কিশোরগঞ্জের তাড়াইলে স্বতন্ত্র কওমি মাদরাসার শিক্ষকদের নিয়ে দিনব্যাপী শিক্ষক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে।
বুধবার (৯ সেপ্টেম্বর) সকাল ৯টা থেকে দিনব্যাপী এ কর্মশালার আয়োজন করে কিশোরগঞ্জের তাড়াইলের স্বতন্ত্র কওমি মাদরাসা ঐক্য পরিষদ।
কর্মশালায় প্রশিক্ষক হিসেবে উপস্থিত ছিলেন তানযীমুল মাদারিসিল কাওমিয়া আল আরাবিয়ার সাধারণ সম্পাদক শায়খুল হাদিস মাওলানা শফিকুর রহমান জালালাবাদী,ইমাম উলামা পরিষদ, তাড়াইলের সভাপতি শায়খুল হাদিস মাওলানা ফয়েজ উদ্দিন,ইতমিনান বোর্ড বাংলাদেশের চেয়ারম্যান হাফেজ মুফতি মুসা খান, নাদিয়াতুল কুরআন মাদরাসা, পাঁচবাড়ীয়া, ময়মনসিংহের নান্দাইলের মুহতামিম মাওলানা আমরুল্লাহ,তাড়াইলের সহিলাটি জামে মসজিদের খতিব ও শায়খুল হাদিস মাওলানা ছাদেকুর রহমান এবং বড়ভাগ এমদাদুল উলুম আলিম মাদরাসা, কিশোরগঞ্জের প্রভাষক হাফেজ মাওলানা আতাউর রহমান শাহান।
কর্মশালায় সভাপতিত্ব করেন স্বতন্ত্র কওমি মাদরাসা ঐক্য পরিষদ,তাড়াইল উপজেলা সভাপতি মাওলানা আবদুর রউফ। অনুষ্ঠান সঞ্চালনা করেন সংগঠনের সাধারণ সম্পাদক হাফেজ মাওলানা এমদাদুল্লাহ।
দিনব্যাপী কর্মশালায় কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থা, পাঠদান পদ্ধতি,শিক্ষার্থীদের উপযোগী করে পাঠ উপস্থাপন,শিক্ষকদের দায়িত্ব ও পেশাগত দক্ষতা উন্নয়নসহ বিভিন্ন গুরুত্বপূর্ণ বিষয়ে আলোচনা ও প্রশিক্ষণ দেওয়া হয়।
এতে উপজেলার বিভিন্ন স্বতন্ত্র কওমি মাদরাসার শিক্ষকরা অংশগ্রহণ করেন। প্রশিক্ষণে শিক্ষকদের দক্ষতা বৃদ্ধির পাশাপাশি শিক্ষার্থীদের কাছে পাঠকে আরও সহজ,আকর্ষণীয় ও কার্যকরভাবে উপস্থাপনের ওপর গুরুত্ব দেওয়া হয়।
আয়োজকরা জানান,শিক্ষার গুণগত মান অনেকাংশেই নির্ভর করে শিক্ষকের দক্ষতা ও পাঠদানের পদ্ধতির ওপর। তাই শিক্ষকদের নিয়মিত প্রশিক্ষণের মাধ্যমে তাদের জ্ঞান ও পেশাগত দক্ষতা বাড়ানো গেলে কওমি মাদরাসার শিক্ষাব্যবস্থায় ইতিবাচক পরিবর্তন আনা সম্ভব।
তাদের মতে, মানসম্মত শিক্ষা নিশ্চিত করতে শুধু শিক্ষার্থীদের নয়, শিক্ষকদেরও নিয়মিত শেখার ও নিজেদের দক্ষতা উন্নয়নের সুযোগ তৈরি করতে হবে। এ ধরনের কর্মশালা ভবিষ্যতে আরও বিস্তৃত পরিসরে আয়োজনের উদ্যোগ নেওয়া হবে বলেও জানান তারা।