কিশোরগঞ্জ-৪ আসনের সাবেক এমপিএ ও মুক্তিযুদ্ধের সংগঠক আব্দুল কাদের (৯৩) বার্ধক্যজনিত কারণে মৃত্যুবরণ করেছেন- ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন।
সোমবার (৯ ডিসেম্বর) দিবাগত রাত আড়াইটায় বঙ্গবন্ধু শেখ মুজিব মেডিকেল বিশ্ববিদ্যালয় হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি ইন্তেকাল করেছেন। এর আগে কিশোরগঞ্জ শহরের নিউটাউন এলাকার বাসভবনে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়লে গত শুক্রবার (৭ ডিসেম্বর) রাতে তাকে সেখানে ভর্তি করা হয়।
১৯৭০ সালের নির্বাচনে নির্বাচিত পূর্ব পাকিস্তানের প্রাদেশিক পরিষদের সদস্য (এমপিএ) ও মুক্তিযুদ্ধের সংগঠক বর্ষীয়ান রাজনীতিক ছিলেন মো. আব্দুল কাদের। তিনি দীর্ঘদিন ধরে বার্ধক্যজনিত নানা জটিলতায় ভুগছিলেন। মৃত্যুকালে তিনি ৫ ছেলে, ৪ মেয়ে, আত্মীয়স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।
তাঁর মৃত্যুতে রাজনৈতিক নেতৃবৃন্দ ছাড়াও সামাজিক-সাংস্কৃতিক নেতৃবৃন্দ গভীর শোক প্রকাশ করেছেন।