কিশোরগঞ্জ জেলার ইটনা উপজেলায় ১৫০ পিস ইয়াবাসহ আফরোজ আলী (৪৫) নামে এক ইয়াবা কারবারিকে গ্রেপ্তার করেছে পুলিশ।
শনিবার (১৮ জানুয়ারি) সন্ধ্যায় ইটনা সদর ইউনিয়নের বলদা খেয়াঘাট সংলগ্ন রাস্তা থেকে তাকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার হওয়া আফরোজ আলী হবিগঞ্জ জেলার বানিয়াচং থানার তাড়াশইল গ্রামের মৃত কাছম আলীর ছেলে।
ইটনা থানার ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম এর নেতৃত্বে এসআই ফারুক আহমেদ, পিএসআই মোস্তাফিজুর রহমান বিশ্বাস, কনস্টেবল মনিরুল, কনস্টেবল জীবন সাহা ও কনস্টেবল শাহীন এর সমন্বয়ে গঠিত একটি চৌকস টিম এই গ্রেপ্তার অভিযান পরিচালনা করে। গোপন সংবাদের ভিত্তিতে পুলিশ সেখানে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করে। ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম জানান, গ্রেপ্তার হওয়া আফরোজ আলী একজন ইয়াবা ব্যবসায়ী। সে হাওরের বিভিন্ন এলাকায় দীর্ঘদিন ধরে ইয়াবা বিক্রি করে আসছিল।
এ বিষয়ে ইটনা থানায় নিয়মিত মামলা দায়ের প্রক্রিয়াধীন রয়েছে বলেও ওসি মোহাম্মদ মুর্শেদ জামান বিপিএম জানান।