বাজিতপুর উপজেলায় ট্রাকের সাথে মুখোমুখি সংঘর্ষে একটি মোটর সাইকেলের তিন আরোহীর সবাই নিহত হয়েছে।
বৃহস্পতিবার (১২ মার্চ) দুপুর দেড়টার দিকে কিশোরগঞ্জ-ভৈরব আঞ্চলিক মহাসড়কে বাজিতপুর উপজেলার পিরিজপুর ইউসুফ আলী মার্কেটের সামনে এই মর্মান্তিক ঘটনাটি ঘটে। নিহতরা হচ্ছে, রাকিব (২০), নূরে আলম (১৭) ও নয়ন (২২)। তাদের মধ্যে রাকিব বাজিতপুর উপজেলার মধ্য পিরিজপুর গ্রামের হাবিব মিয়ার ছেলে, নূরে আলম একই এলাকার নিধু মিয়ার ছেলে এবং নয়ন কিশোরগঞ্জ সদর উপজেলার পুলেরঘাট মতলবপুর গ্রামের আবুল কালামের ছেলে।
কটিয়াদী হাইওয়ে থানার ইনচার্জ পুলিশ পরিদর্শক মো. আব্দুস সোবহান ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ভৈরব থেকে একটি মালবাহী ট্রাক কিশোরগঞ্জের দিকে যাচ্ছিল। গাড়িটির নাম্বার ঢাকা মেট্রো -ট- ১৪ – ৬৩১০।
দুপুর দেড়টার দিকে মধ্য পিরিজপুর ইউসুফ আলী মার্কেটের সামনে বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল কে ট্রাকটি চাপা দেয়। অপর দিক থেকে আসার মোটর সাইকেলটির নাম্বার কিশোরগঞ্জ-ল-৪৬৪২। এতে ঘটনাস্থলেই মোটর সাইকেলের তিন আরোহীর সবাই মারা যায়।
পুলিশ পরিদর্শক মো. আব্দুস সোবহান আরো জানান, নিহতদের মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য কিশোরগঞ্জ জেনারেল হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় ঘাতক ট্রাক ও এর চালক আপন মিয়াকে আটক করা হয়েছে।